স্যালভো বোনাস শেয়ার হস্তান্তরে প্রতারণা করেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেয়ারধারীদের জন্য ঘোষিত বোনাস শেয়ার হস্তান্তর নিয়ে প্রতারণার অভিযোগ পাওয়া গেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি স্যালভো কেমিক্যালস ইন্ডাস্ট্রিজ লিমিটেডের বিরুদ্ধে। কোম্পানিটির পক্ষ থেকে সংশ্লিষ্ট শেয়ারধারীদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাবে বোনাস শেয়ার হস্তান্তর করা হয়েছে বলে ঘোষণা দেওয়া হলেও, কার্যত কোনো হিসাবেই শেয়ার পৌঁছায়নি। ফলে নির্ধারিত দিনে শেয়ার বিক্রি করতে গিয়ে বিপত্তির মুখে পড়েন অনেক বিনিয়োগকারী। আর এ কারণে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) তাৎক্ষণিক শাস্তি হিসেবে কোম্পানিটিকে ‘বি’ শ্রেণী থেকে ‘জেড’ শ্রেণীতে নামিয়ে দিয়েছে। আজ বৃহস্পতিবার থেকে কোম্পানিটির শেয়ার ‘জেড’ শ্রেণীতে লেনদেন হবে।ডিএসই সূত্রে জানা গেছে, স্যালভো কেমিক্যালস গত ২৮ মার্চ তাদের শেয়ারধারীদের জন্য ৫ শতাংশ বোনাস শেয়ার ঘোষণা করে। গত ৪ জুলাই কোম্পানিটির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) তা অনুমোদন করা হয়। পুঁজিবাজারের নিয়মানুযায়ী এজিএমের এক মাসের মধ্যে ঘোষিত লভ্যাংশ শেয়ারধারীদের মাঝে বিতরণ করা বাধ্যতামূলক। সেই অনুযায়ী গত সোমবার কোম্পানিটি শেয়ারধারীদের বিও হিসাবে বোনাস শেয়ার হস্তান্তর করা হয়েছে বলে ডিএসইকে অবহিত করে। এর ভিত্তিতে ডিএসই কর্তৃপক্ষ গত মঙ্গলবার কোম্পানিটিকে ‘এন’ শ্রেণী থেকে ‘বি’ শ্রেণীতে উন্নীত করে। পরে ডিএসইর ব্যবস্থাপনা কর্তৃপক্ষ সেন্ট্রাল ডিপজিটরি বাংলাদেশ লিমিটেডে (সিডিবিএল) খোঁজ নিয়ে জানতে পারে, গতকাল বুধবার পর্যন্ত স্যালভো কেমিক্যালস সংশ্লিষ্ট বিও হিসাবগুলোতে কোনো শেয়ার হস্তান্তর করেনি। ডিএসই বলছে, এতে প্রমাণিত হয়, কোম্পানিটি বোনাস শেয়ার হস্তান্তর নিয়ে তাদের মিথ্যা তথ্য দিয়েছে। আর সে কারণেই কোম্পানিটিকে শ্রেণীচ্যুত করা হয়েছে। একই সঙ্গে এ কোম্পানির শেয়ার লেনদেনে কোনো ধরনের ঋণসুবিধা না দিতে অনুরোধ জানানো হয়েছে মার্চেন্ট ব্যাংক ও ব্রোকারেজ হাউসগুলোর প্রতি। অবশ্য তালিকাভুক্ত কোনো কোম্পানির শ্রেণী পরিবর্তন হলে প্রথম ৩০ কর্মদিবস এমনিতেই ঋণসুবিধা পাওয়ার কথা নয়।জানা গেছে, স্যালভো কেমিক্যালের বিষয়টি নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনও (এসইসি) খুব গুরুত্বের সঙ্গে নিয়েছে। এসইসির একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, কোম্পানিটি মিথ্যা তথ্য দেওয়ার মাধ্যমে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অধ্যাদেশ, ১৯৬৯-এর ১৮ ধারা লঙ্ঘন করেছে। এ ধারা অনুযায়ী কোনো ধরনের মিথ্যা তথ্য প্রদান করা দণ্ডনীয় অপরাধ। এ ধারা ভঙ্গের দায়ে এসইসি অভিযুক্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানকে সর্বনিম্ন এক লাখ টাকা থেকে সর্বোচ্চ যেকোনো পরিমাণ অর্থ জরিমানা করতে পারে। ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি হিসেবে চলতি বছরে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় স্যালভো কেমিক্যালস। কোম্পাটির মোট পরিশোধিত মূলধন ৪২ কোটি ১০ লাখ টাকা, যা ১০ টাকা অভিহিত মূল্যের চার কোটি ২১ লাখ শেয়ারে বিভক্ত। এর মধ্যে ৭৭ দশমিক ৩১ শতাংশ শেয়ারই সাধারণ বিনিয়োগকারীদের হাতে। আর উদ্যোক্তাদের হাতে রয়েছে মাত্র ২২ দশমিক ৬৯ শতাংশ শেয়ার। বাজার-সংশ্লিষ্টরা বলছেন, উদ্যোক্তাদের কাছে বেশি শেয়ার না থাকায় কোম্পানির পক্ষে এ ধরনের দায়িত্বহীন কাজ করা সম্ভব হয়েছে। যদি উদ্যোক্তাদের কাছে বেশি শেয়ার থাকত তাহলে হয়তো এমন ঘটনা ঘটত না।অভিযোগের ব্যাপারে কোম্পানির সঙ্গে সংশ্লিষ্ট কারও বক্তব্য জানা সম্ভব হয়নি। উল্লেখ্য, নতুন কোনো কোম্পানি পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ার পর থেকে লভ্যাংশ দেওয়ার আগ পর্যন্ত ‘এন’ শ্রেণীতে লেনদেন হয়ে থাকে। এরপর ১০ শতাংশ বা তার বেশি লভ্যাংশ দিলে ‘এ’ শ্রেণীতে এবং ১০ শতাংশের কম, কিন্তু শূন্য শতাংশের বেশি দিলে লেনদেন হয় ‘বি’ শ্রেণীতে। আর কোনো লভ্যাংশ না দিলে অপেক্ষাকৃত দুর্বল মৌলভিত্তির কোম্পানির সমন্বয়ে গঠিত ‘জেড’ শ্রেণীতে দেওয়া হয়। জেড শ্রেণীর একটি কোম্পানির লেনদেন নিষ্পত্তি হতে সময় লাগে (টি+৯) ১০ দিন। অন্যদিকে, ‘এ’ এবং ‘বি’ শ্রেণীর শেয়ারের লেনদেন (টি+৩) চার দিনের মধ্যেই নিষ্পত্তি হয়।