চাহিদা বেশি হওয়ায় ইস্টার্ন রিফাইনারিও উৎপাদনে আগ্রহী
সড়ক নির্মাণে এখনো তরল বিটুমিনের ব্যবহার বেশি
দেশে সড়কের পিচঢালাইয়ে তরলজাতীয় বিটুমিনের ব্যবহার বন্ধ হচ্ছে না। যদিও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় থেকে তরলজাতীয় বিটুমিনের পরিবর্তে গাঢ় বিটুমিন ব্যবহার নিশ্চিত করতে গত জুলাইয়ে নির্দেশনাও জারি করা হয়েছিল। কিন্তু মন্ত্রণালয়ের সেই নির্দেশনা বাস্তবায়নে কার্যকর কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না।
নির্দেশনা বাস্তবায়নে তদারক কম থাকায় ঠিকাদারেরা কম দামের ৮০-১০০ গ্রেডের তরল বিটুমিন ব্যবহার করছেন। এতে সড়কগুলো টেকসই হচ্ছে না। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের নির্দেশনায় ৮০-১০০ গ্রেডের পরিবর্তে ৬০-৭০ গ্রেডের গাঢ় বিটুমিন ব্যবহারের কথা বলা হয়েছিল।
এদিকে, সড়ক নির্মাণে গাঢ় বিটুমিন কম ব্যবহৃত হওয়ায় বাজারে এটির চাহিদাও কম। তাই সরকারি মালিকানাধীন দেশের একমাত্র জ্বালানি তেল পরিশোধনাগার ইস্টার্ন রিফাইনারিতেও গাঢ় বিটুমিনের চেয়ে তরল বিটুমিনের উৎপাদন বেশি হচ্ছে।
সংশ্লিষ্ট প্রকৌশলীরা জানান, দেশে দুই ধরনের বিটুমিন বাজারজাত হয়। একটি ৬০-৭০ গ্রেডের, যা অধিকতর গাঢ়। এই শ্রেণির বিটুমিন রাস্তার পিচঢালাইয়ের কাজে ব্যবহৃত হলে তা উন্নত ও টেকসই হয়ে থাকে। আর ৮০-১০০ গ্রেডের বিটুমিন কিছুটা তরল। তরল বিটুমিন দিয়ে পিচঢালাই হলে রাস্তা টেকসই হয় না। প্রকৌশলীরা আরও জানান, ৮০-১০০ গ্রেডের বিটুমিন গুণগত মানে তরল বা পাতলা হওয়ার কারণে গ্রীষ্মকালে সড়কগুলো গলে ঢিবির মতো উঁচু-নিচু বা ঢেউয়ের আকৃতি ধারণ করে। এতে সড়কে সৃষ্টি হয় অসংখ্য ছোট-বড় গর্ত। আবার বর্ষায় বৃষ্টির সময় ৮০-১০০ গ্রেডের বিটুমিন দ্রুত নষ্ট হয়ে যায় এবং সড়কে খানাখন্দের সৃষ্টি হয়।
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মাহমুদ ওমর ইমাম প্রথম আলোকে বলেন, ‘৮০-১০০ গ্রেডের বিটুমিন পাতলা। এই বিটুমিন দিয়ে পিচঢালাইয়ের কাজ হলে গ্রীষ্মকালে রাস্তা গলে যায়। আমাদের আবহাওয়ার জন্য ৬০-৭০ গ্রেডের বিটুমিনই উপযোগী, এটি ব্যবহারে সড়ক টেকসই হয়।’
সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী জুলফিকার আহমেদ প্রথম আলোকে বলেন, ‘গত বছরের জুলাই মাসে মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারির মাধ্যমে সড়কের পিচঢালাইয়ের কাজে অধিকতর গাঢ় বিটুমিন ব্যবহার বাধ্যতামূলক করেছি।’
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) সূত্র জানায়, দেশে বছরে প্রায় ১ লাখ ৮০ হাজার মেট্রিক টন বিটুমিনের চাহিদা রয়েছে। এর মধ্যে বিপিসির নিয়ন্ত্রণাধীন ইস্টার্ন রিফাইনারি ৭০ হাজার টন উৎপাদন করে। বাকি বিটুমিন মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে আমদানি করা হয়।
চট্টগ্রাম কাস্টমস সূত্রে জানা গেছে, চলতি অর্থবছরের (২০১৬-১৭) ডিসেম্বর পর্যন্ত ছয় মাসে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে প্রায় সাড়ে ৭৯ হাজার টন বিটুমিন আমদানি হয়, আগের অর্থবছরের (২০১৫-১৬) ডিসেম্বর পর্যন্ত যার পরিমাণ ছিল ১ লাখ ২ হাজার ৪৪ টন। পিএইচপি, ইলিয়াস ব্রাদার্সসহ আরও কয়েকটি প্রতিষ্ঠান বিটুমিন আমদানি করে।
বিপিসি সূত্রে জানা গেছে, ২০১৫-১৬ অর্থবছরে ইস্টার্ন রিফাইনারি ৩২ হাজার ৮৪১ টন বিটুমিন উৎপাদন ও বাজারজাত করে। এর মধ্যে উৎপাদিত গাঢ় বিটুমিনের পরিমাণ ৩ হাজার ৩৪৯ টন। বাকি ২৯ হাজার ৪৯২ টন বিটুমিন ৮০-১০০ গ্রেডের।
জানতে চাইলে ইস্টার্ন রিফাইনারির ব্যবস্থাপনা পরিচালক মো. আকতারুল হক প্রথম আলোকে বলেন, ‘বাজারে ৮০-১০০ গ্রেডের বিটুমিনের চাহিদা বেশি। তাই সেটাই বেশি উৎপাদন করছি।’