সড়ক সংস্কার না হলে কোরবানির চামড়া মোকাবিলা কঠিন হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতিবছর দেশে যে পরিমাণ চামড়া সংগৃহীত হয়, তার অর্ধেকের বেশি আসে ঈদুল আজহায় কোরবানি হওয়া পশু থেকে। এবারের ঈদে পশুর চামড়ার দাম নিয়ে মাঠপর্যায়ের ব্যবসায়ীরা অসন্তুষ্ট। অন্যদিকে ছুটির আমেজ শেষ হলেই সাভারের চামড়াশিল্প নগরে চামড়া প্রক্রিয়াকরণ শুরু হবে। যদিও সেখানে বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে জটিলতার নিরসন হয়নি। এসব বিষয় নিয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন বাংলাদেশ ফিনিশড লেদার, লেদারগুডস অ্যান্ড ফুটওয়্যার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিএফএলএলএফইএ) চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ। সাক্ষাৎকার নিয়েছেন শুভংকর কর্মকার

মহিউদ্দিন আহমেদ
মহিউদ্দিন আহমেদ

প্রথম আলো: হেমায়েতপুরের চামড়াশিল্প নগরীর কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় বড় ধরনের ঘাটতি আছে। কোরবানি পশুর চামড়া প্রক্রিয়াকরণ শুরু হলে ভয়াবহ পরিস্থিতি তৈরির আশঙ্কা আছে। বিষয়টি নিয়ে আপনারা কতটা চিন্তিত?
মহিউদ্দিন আহমেদ: বর্তমান পরিস্থিতিতে কোরবানি পশুর চামড়া প্রক্রিয়াকরণ শুরু হলে হেমায়েতপুরে পরিবেশ বিপর্যয় হতে পারে। এ জন্য শিল্প মন্ত্রণালয় ও বিসিককে সংকট সমাধানে মাসখানেক আগে থেকেই বলা শুরু করেছি আমরা। আগস্টের তৃতীয় সপ্তাহে শিল্পসচিবের নেতৃত্বে একটি বৈঠক হয়েছে বিসিকে। সেখানে বলা হয়েছে, ঈদের পর বর্জ্য ইস্যু হয়ে দাঁড়াবে। সে জন্য কঠিন বর্জ্য যত্রতত্র না ফেলে নির্দিষ্ট একটি জায়গা ঠিক করে সেখানে যাতায়াতের জন্য যানবাহনের ব্যবস্থা করার সিদ্ধান্ত হয়েছে। আর সম্পূর্ণ ব্যবস্থাটি করবে বিসিক।

প্রথম আলো: যত দূর জানা গেছে, এখনো বর্জ্য ফেলার জায়গা নির্দিষ্ট হয়নি।
মহিউদ্দিন আহমেদ: সরকারি প্রতিষ্ঠান যখন একটি প্রতিশ্রুতি দেয়, তখন সেটিকে আমরা নেতিবাচকভাবে দেখতে চাই না। তাদেরই নৈতিক দায়িত্ব বর্জ্য ব্যবস্থাপনার বিষয়টি ঠিকঠাকভাবে করা।

প্রথম আলো: যদি না হয়, তাহলে কী হবে?
মহিউদ্দিন আহমেদ: যদি না হয়, তাহলে আমরা সবাই বসে করণীয় ঠিক করব। সংকট দেখা দিলে নিশ্চয় তা মোকাবিলা করার জন্য বিসিক আমাদের সঙ্গে বসবে। আমাদের কাছে উপদেশ চাইলে দেব। সম্মিলিতভাবেই সমস্যা সমাধানের জন্য আমরা চেষ্টা করব।

প্রথম আলো:চামড়াশিল্প নগরীর ভেতরে ও বাইরের রাস্তাঘাট ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। বৃষ্টি হলেই হাঁটুপানি হচ্ছে। কোরবানি পশুর চামড়া প্রক্রিয়াকরণ শুরু হলে কী ধরনের পরিস্থিতি সৃষ্টি হতে পারে?

মহিউদ্দিন আহমেদ: সড়কগুলো সংস্কার করা দরকার। না হলে কোরবানির চামড়া মোকাবিলা করা কঠিন হবে। ট্রাকগুলো যদি ভাঙা সড়কে দুর্ঘটনায় পড়ে, তাহলে জনজীবন বেহাল হতে পারে। চামড়াও নষ্ট হতে পারে। চামড়া জাতীয় সম্পদ। এই সম্পদ রক্ষা করা সবার নৈতিক দায়িত্ব। সে জন্য শিল্পনগরীর ভাঙাচোরা রাস্তাঘাট সংস্কারের জন্য তিন-চার মাস আগে থেকেই আমরা বিসিককে তাগিদ দিচ্ছি। তারা আমাদের আশ্বাস দিয়েছে। আমরা বুঝি, যখন কোনো শিল্পনগরীর জন্ম হয়, তখন নানা ধরনের সমস্যা থাকে। তবে এসব সমস্যার সমাধানে আন্তরিক সদিচ্ছা থাকা প্রয়োজন। সত্যিকার অর্থে প্রয়োজনীয় পদক্ষেপ নিলে সবই সম্ভব।

প্রথম আলো:চামড়াশিল্প নগরীর কিছু ট্যানারি নির্দিষ্ট পাইপলাইনের বাইরে বিষাক্ত ক্রোম বর্জ্য ফেলছে। এ বিষয়ে আপনাদের সমিতির পক্ষ থেকে কী পদক্ষেপ নেওয়া হয়েছে?

মহিউদ্দিন আহমেদ: আমরা সমিতি থেকে সব ট্যানারিকে নির্দেশ দিয়েছি, কোনো অবস্থাতেই ক্রোমের পানি নির্দিষ্ট লাইন ছাড়া অন্য কোনো লাইনে দেওয়া যাবে না। এটি অবশ্যই পালন করতে হবে। কোনো ট্যানারি যদি নির্দেশটি পালন না করে, তাহলে খুবই দুঃখের বিষয়।

প্রথম আলো: হেমায়েতপুরে গেলে দেখা যায়, ট্যানারির শ্রমিকেরা কারখানার ভেতরে-বাইরে এখনো খালি হাতেই কাজ করেন। মোদ্দা কথা হচ্ছে, হাজারীবাগের মতো হেমায়েতপুরেও কমপ্লায়েন্স নিশ্চিত করা যায়নি। তাহলে হাজার হাজার কোটি কোটি টাকা খরচ করে এই বিশাল কর্মযজ্ঞের উদ্দেশ্য কি সফল হলো?

মহিউদ্দিন আহমেদ: আমরা এখন যুদ্ধাবস্থায় আছি। দেশ স্বাধীন হওয়ার পর ধীরে ধীরে পুনর্গঠিত হয়ে এবং নানা সমস্যার সমাধান করে আজকের বাংলাদেশ হয়েছে। একটা চামড়াশিল্প নগরী হচ্ছে। আমাদের সেখানে জোর করে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে নানা রকমের সংকট আছে। তবে আমাদের ভিশন পরিষ্কার—পরিবেশবান্ধব উপায়ে চামড়া উৎপাদন করব। এই রকম বিশেষায়িত শিল্পনগরী বিশ্বের ৩০-৪০টি দেশে আছে। আমরা ওই সব দেশের সমকক্ষ হতে যাচ্ছি। শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করা মালিকদের নৈতিক দায়িত্ব। ট্যানারি একটি বিশেষায়িত শিল্প। অন্য কোনো কারখানার শ্রমিকেরা হুট করে এসেই ট্যানারিতে কাজ করতে পারবেন না। ফলে চামড়াশিল্পে যে দক্ষ জনগোষ্ঠী গড়ে উঠেছে, তাদের রক্ষায় ট্যানারির মালিকদেরই এগিয়ে আসতে হবে।