সড়কব্যবস্থার অবনতি ঘটায় বিজিএমইএর উদ্বেগ প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ গাজীপুর, আশুলিয়া ও কোনাবাড়ী এলাকায় সড়কব্যবস্থা ভেঙে পড়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে।সংগঠনটি বলেছে, সময়মতো গাজীপুর, আশুলিয়া ও কোনাবাড়ী এলাকার সড়কগুলো মেরামত না করায় গত কয়েক দিনের অবিরাম বৃষ্টিতে যোগাযোগ পরিস্থিতির গুরুতর অবনতি ঘটেছে। এতে পোশাকশিল্প কারখানাগুলোতে বিপর্যয়ের সৃষ্টি হয়েছে। কারণ এই তিনটি এলাকার পোশাক কারখানাগুলোতে উদ্যোক্তা ও ক্রেতারা যেতে পারছেন না। ইতিমধ্যে বেশ কিছু কারখানা নির্ধারিত সময়ে পোশাক-পণ্য জাহাজিকরণে ব্যর্থ হয়েছে।এ অবস্থায় বিজিএমইএর সভাপতি সফিউল ইসলাম পোশাকশিল্পের স্বার্থে অনতিবিলম্বে ঢাকা-আবদুল্লাহপুর-বাইপাইল-টাঙ্গাইল মহাসড়কের সংস্কার কার্যক্রম গ্রহণের জন্য সরকারকে অনুরোধ জানিয়েছেন।গতকাল বুধবার বিজিএমইএর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রসঙ্গে জাননো হয়, এই এলাকায় বর্তমানে আন্তর্জাতিক মানসম্পন্ন, কমপ্লায়েন্ট ও রপ্তানিমুখী ৯১২টি তৈরি পোশাকশিল্প প্রতিষ্ঠান রয়েছে, যেগুলোতে প্রায় ১০-১২ লাখ শ্রমিক কাজ করেন। এসব কারখানা বছরে প্রায় ৫০০ থেকে ৬০০ কোটি মার্কিন ডলারের তৈরি পোশাক রপ্তানি করছে।