১০ দিনে তিন দফা বৈঠক করেও সয়াবিন তেলের যৌক্তিক দর নির্ধারণ করতে পারেনি সরকার। অথচ মাস খানেক ধরে বাজারে লিটারে ১০ থেকে ১২ টাকা বাড়তি দামে বিক্রি হচ্ছে সয়াবিন তেল।তবে বাণিজ্য মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, আগামী রোববার নতুন দর নির্ধারণ হতে পারে।ভোজ্যতেল পরিশোধন কারখানা সমিতি ও সরকারের যৌথ সিদ্ধান্ত লঙ্ঘন করে ব্যবসায়ীরা নিজেদের মতো দাম বাড়িয়েছেন।গণমাধ্যমে প্রকাশিত সংবাদের পরিপ্রেক্ষিতে ২৭ ডিসেম্বর থেকে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত ব্যবসায়ীদের সঙ্গে সরকারের তিন দফা বৈঠক হলেও বাস্তবে কোনো সমাধান হয়নি।ব্যবসায়ীরা নিজেদের অবস্থানে অনড় থাকায় বাণিজ্য মন্ত্রণালয় ও ট্যারিফ কমিশন বিপাকে পড়েছে বলে জানা গেছে।সচিবালয়ে বাণিজ্যসচিব গোলাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত গতকালের বৈঠক শেষে সরকারের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। এ ব্যাপারে কথা বলেননি ব্যবসায়ীরাও।মেঘনা, সিটি, এস আলম, টিকে, এসএ অয়েল ও প্রাইম এডিবল অয়েলের প্রতিনিধিরা বৈঠকে উপস্থিত ছিলেন।তবে বৈঠকের একটি সূত্র জানিয়েছে, আগামী রোববার ব্যবসায়ীদের সঙ্গে আবারও বৈঠকে বসবে ট্যারিফ কমিশন। এ সময় নতুন দর নির্ধারণ করা হবে।গত জুলাইয়ে সরকার ও ব্যবসায়ীদের যৌথ সিদ্ধান্ত অনুযায়ী মিলগেটে সয়াবিনের দর ছিল ১০৫ টাকা লিটার। তখন সিদ্ধান্ত হয়, নতুন দর নির্ধারণ করতে চাইলে অন্তত ১৫ দিন আগে সরকারকে জানাতে হবে।এক সপ্তাহ আগে ট্যারিফ কমিশনে অনুষ্ঠিত বৈঠকে মার্কিন ডলারের তুলনায় টাকার মান পড়ে যাওয়াকে সয়াবিনের দাম বাড়ার কারণ হিসেবে দাঁড় করিয়েছিলেন ব্যবসায়ীরা। সূত্র জানায়, গতকালের বৈঠকেও ব্যবসায়ীরা একই অজুহাত তুলেছেন।প্রসঙ্গত, তিন মাস আগে থেকেই বিশ্ববাজারে সয়াবিন তেলের দর প্রতি টনে ১০০ ডলার কমেছে। এর কোনো প্রভাব বাজারে না পড়ে উল্টো সয়াবিন তেলের দাম আরও বেড়েছে।গতকাল খুচরা বাজারে সয়াবিন তেল বিক্রি হয়েছে ১২৪ থেকে ১২৮ টাকা লিটার দরে।