সয়াবিন তেলের মজুদ বেড়েছে
পবিত্র রমজান মাসের আগে দেশে সয়াবিনের মজুদ অনেক বেড়েছে। জানা গেছে, চট্টগ্রাম কাস্টম হাউস-নিয়ন্ত্রিত ছয়টি ট্যাংক টার্মিনালে গত রোববার পর্যন্ত অপরিশোধিত সয়াবিনের মজুদ ৩৫ হাজার ৪৫৯ টন। প্রায় ১২ হাজার টন খালাস হওয়ার পর গত রোববার পর্যন্ত চারটি জাহাজে আসছে আরও ৫৩ হাজার ৫০১ টন। অর্থাৎ এ মুহূর্তে জাহাজে ও ট্যাংক টার্মিনালে সয়াবিন তেলের মজুদ দাঁড়াচ্ছে ৮৯ হাজার টন। এর বাইরে পরিশোধন কারখানাগুলোতে নিজস্ব মজুদ আছে। অবশ্য খুচরা বিক্রেতারা চাহিদানুযায়ী সয়াবিনের সরবরাহ পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন। এ অভিযোগ করে পাহাড়তলি রেলওয়ে বাজার ব্যবসায়ী সমিতির সহ-সাধারণ সম্পাদক মোজাহের আলম প্রথম আলোকে বলেন, কোম্পানিগুলো চাহিদানুযায়ী সরবরাহ করছে না। খোলা সয়াবিন ও বোতলজাত সয়াবিনের ক্ষেত্রে সরবরাহ কম। এ জন্য দামও বাড়ছে বলে অভিযোগ করেন তিনি। একই অবস্থা রিয়াজউদ্দিন বাজারের ব্যবসায়ীদেরও। তবে আমদানিকারক ও পাইকারি ব্যবসায়ীরা বলছেন ভিন্ন কথা। টিকে গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম এ কালাম দুই দিন আগে প্রথম আলোকে জানিয়েছেন, সরবরাহ পর্যাপ্ত। কোনো ঘাটতি নেই। একইভাবে খাতুনগঞ্জের পাইকারি বাজারের ভোজ্যতেল ব্যবসায়ী শাহেদ উল আলম গতকাল সোমবার প্রথম আলোকে বলেন, সয়াবিনের কোনো সংকট নেই। গত ১৫ দিনে পাইকারি বাজারে দামও বাড়েনি। প্রতি মণ বিক্রি হচ্ছে চার হাজার ৬৫০ টাকা। খুচরা বিক্রেতারা এক-দুই ড্রাম সয়াবিন কিনলে এই দরের চেয়ে ২০-৩০ টাকা বেশি হতে পারে। তিনি বলেন, সয়াবিনের দাম স্থিতিশীল থাকার পাশাপাশি পাম তেলের দাম প্রতি মণে ৫০ টাকা কমে তিন হাজার ৫৩০ টাকায় বিক্রি হচ্ছে। গতকাল সোমবার খুচরা বাজারে কেজিপ্রতি সয়াবিন তেল বিক্রি হয় ১৩৬-১৩৭ টাকায়। লিটার হিসেবে বিক্রি হচ্ছে ১২৩-১২৪ টাকা। এ ছাড়া সুপার পাম তেল বিক্রি হচ্ছে কেজিপ্রতি ১২৮ টাকায়। বন্দরের তথ্যে দেখা যায়, সয়াবিন ছাড়াও বন্দরে এ মাসে ১০ জাহাজে পরিশোধিত ও অপরিশোধিত পাম তেল এসেছে প্রায় ৮০ হাজার টন। এ হিসাবে এ মাসে সয়াবিন ও পাম তেল আমদানির পরিমাণ দাঁড়াচ্ছে প্রায় দেড় লাখ টন। সয়াবিন ও পাম তেল ছাড়াও দুই জাহাজে তৈলবীজ আমদানি হয়েছে এক লাখ চার হাজার টন। এসব তৈলবীজ ভেঙে পাওয়া যাবে ১৩ শতাংশ সয়াবিন তেল। এসব তৈলবীজ এখন জাহাজ থেকে খালাস হচ্ছে।