সয়াবিন তেলের লিটার ১০০ টাকা ছাড়াল
সিটি গ্রুপের পর এবার বাজারে বোতলজাত সয়াবিন তেলের দর বাড়াল বাংলাদেশ এডিবল অয়েল লিমিটেড ও মেঘনা গ্রুপ। বাংলাদেশ এডিবল অয়েল তাদের রূপচাঁদা ব্র্যান্ডের সয়াবিন তেলের দর লিটারপ্রতি ১০২ টাকা নির্ধারণ করেছে। অন্যদিকে মেঘনা গ্রুপ তাদের ফ্রেশ ব্র্যান্ডের সয়াবিন তেলের দর নির্ধারণ করেছে লিটারপ্রতি ১০০ টাকা। আগেই সিটি তাদের তীর ব্র্যান্ডের তেলের দর লিটারপ্রতি ১০০ টাকা করেছিল।
এত দিন বাজারে সিটি ও মেঘনার তেলের এক লিটারের বোতলের দর ছিল ৯৪-৯৫ টাকা। নতুন করে তারা এক লাফে ৫ থেকে ৬ টাকা বাড়িয়েছে। অন্যদিকে বাংলাদেশ এডিবল বাড়িয়েছে লিটারে ৪ টাকা। আগে তাদের এক লিটারের বোতলের দর ছিল ৯৮ টাকা।
কোম্পানিগুলোর এ দর বাংলাদেশ ট্যারিফ কমিশনের (বিটিসি) হিসাব করা কাঙ্ক্ষিত দরের চেয়ে ৩ থেকে ৫ টাকা বেশি। ট্যারিফ কমিশনের এক প্রতিবেদন অনুযায়ী, আমদানিমূল্যের সঙ্গে অন্যান্য খরচ যোগ করে ১ লিটার বোতলজাত সয়াবিন তেলের কাঙ্ক্ষিত বাজারদর দাঁড়ায় ৯৭ টাকা। সংস্থাটি এ দর নির্ধারণের সুপারিশ করে বাণিজ্য মন্ত্রণালয়ে প্রতিবেদনটি পাঠিয়েছিল বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
জানতে চাইলে বাণিজ্যসচিব হেদায়েতুল্লাহ আল মামুন বেশি কিছু বলতে রাজি হননি। তিনি গতকাল রোববার প্রথম আলোকে বলেন, ‘আমরা আন্তর্জাতিক বাজারদর পর্যালোচনা করছি।’
দেশের বোতলজাত সয়াবিন তেলের ৯০ শতাংশ বাজার সিটি, মেঘনা ও বাংলাদেশ এডিবল অয়েলের নিয়ন্ত্রণে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত সয়াবিন তেলের দাম বেড়ে যাওয়ায় কোম্পানিগুলো গত ঈদুল আজহার আগেই তেলের দাম বাড়াতে চেয়েছিল। তবে বাণিজ্য মন্ত্রণালয়ের পরামর্শে তারা দাম বাড়ায়নি। ঈদের পরে তারা মূল্য বৃদ্ধির প্রস্তাব নিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে যায়। মূল্য বৃদ্ধি করতে না দিলে আমদানি নিরুৎসাহিত হওয়ার আশঙ্কায় বাণিজ্য মন্ত্রণালয়ও নমনীয় ছিল। এ জন্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোম্পানিগুলোকে ট্যারিফ কমিশনে প্রস্তাব জমা দিতে বলা হয়।
গত ২৯ সেপ্টেম্বর ভোজ্যতেল মিল মালিক সমিতি ট্যারিফ কমিশনে বোতলজাত সয়াবিন তেলের দর লিটারপ্রতি ৮ থেকে ৯ টাকা বাড়িয়ে ১০৩ টাকা নির্ধারণের প্রস্তাব দেয়। বাংলাদেশ এডিবল অয়েল আলাদাভাবে তেলের দর লিটারপ্রতি ৯৮ টাকা থেকে বাড়িয়ে ১০৪ টাকা করার প্রস্তাব দেয়। নতুন দর ১ অক্টোবর থেকে কার্যকরের কথা বলেছিল কোম্পানিগুলো।
বাজারে দাম বাড়িয়ে গত সপ্তাহেই তেল ছাড়তে শুরু করে সিটি গ্রুপ। এরপর গতকাল বাংলাদেশ এডিবল অয়েল ও মেঘনা দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। তাদের নতুন দরের তেল দু-এক দিনের মধ্যে বাজারে আসবে বলে জানিয়েছে কোম্পানি দুটি।
নতুন দরে পাঁচ লিটারের এক বোতল তীর অথবা ফ্রেশ ব্র্যান্ডের সয়াবিন তেল কিনতে ক্রেতাকে ৪৯৫ টাকা ব্যয় করতে হবে। যা আগের চেয়ে ২৫ থেকে ৩০ টাকা বেশি। দুই লিটারের বোতলের দর হবে ১৯৮ টাকা। এ ছাড়া এক লিটার ১০০ টাকা ও আধা লিটার ৫১ টাকায় মিলবে। আর রূপচাঁদা ব্র্যান্ডের তেলের দাম লিটারে আরও ২ টাকা বেশি হবে।
ট্যারিফ কমিশন সয়াবিন তেলের কাঙ্ক্ষিত দর হিসাব করেছে ২০১১ সালে তৈরি ব্যয় বিবরণী ধরে। ওই ব্যয় বিবরণীটি সম্প্রতি হালনাগাদ করা হয়েছে। এতে এক টন অপরিশোধিত তেল পরিশোধনে খরচ ৮৭ শতাংশ বাড়িয়ে ধরা হয়েছে। আগে যে খরচ দেড় হাজার টাকা ছিল, তা এখন ধরা হচ্ছে ২ হাজার ৮০০ টাকা।
এ বাড়তি ব্যয় ধরে এক মাসের ঋণপত্রের দর, এক মাসে বন্দরে কত দরে তেল প্রবেশ করেছে এবং সর্বশেষ এক সপ্তাহে কত দরে তেল বন্দর থেকে খালাস হয়েছে তা বিবেচনায় নিয়ে গড় দর নির্ধারণ করা হয়েছে। এ হিসাব অনুযায়ী এক টন অপরিশোধিত তেলের গড় দর দাঁড়িয়েছে ৫৯ হাজার ৯৭৮ টাকা।
চূড়ান্তভাবে এক লিটার তেল খুচরা পর্যায়ে ৯৭ টাকা লিটার দরে বিক্রি হওয়া উচিত বলে উল্লেখ করা হয়েছে ট্যারিফ কমিশনের প্রতিবেদনে। এ ক্ষেত্রে আন্তর্জাতিক বাজারের বাড়তি দর বিবেচনায় নিয়ে ব্যয় বিবরণীর বাইরেও ৩ শতাংশ মূল্য বাড়িয়ে ধরেছে ট্যারিফ কমিশন।
ট্যারিফ কমিশনের সুপারিশের চেয়ে বেশি হারে দর বাড়ানোর বিষয়ে জানতে চাইলে এসব বিষয়ে জানতে চাইলে মেঘনা গ্রুপের নির্বাহী পরিচালক (বিপণন) আসিফ ইকবাল বলেন, ‘ট্যারিফ কমিশনের সুপারিশের বিষয়টি আমাদের জানা নেই। সমিতির প্রস্তাবে নতুন দর কার্যকর করার কথা ছিল ১ অক্টোবর থেকে। অপেক্ষার পরে আমরা দাম বাড়িয়েছি।’
বাংলাদেশ এডিবল অয়েলও জানিয়েছে, তাদের দরপ্রস্তাবের বিষয়ে ট্যারিফ কমিশন থেকে কিছু জানানো হয়নি। কোম্পানিটির বিপণন বিভাগের প্রধান শোয়েব মো. আসাদুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘মুক্তবাজার অর্থনীতিতে পণ্যের দাম ঠিক হয় কোম্পানিগুলোর মধ্যে প্রতিযোগিতার মাধ্যমে। আমাদের তেলের দাম আগে অন্যদের চেয়ে লিটারে ৩ টাকা বেশি ছিল। এবার আমরা ভোক্তাদের কথা বিবেচনা করে অন্যদের চেয়ে ব্যবধান ১ টাকা কমিয়ে ধরেছি।’