হংকংয়ে এপ্রিলে বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন
বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে এপ্রিল মাসে হংকংয়ে চতুর্থ বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট বা বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন হবে। সিটি ব্যাংক ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশ এ সম্মেলনে যৌথ আয়োজক। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
আজ বুধবার রাজধানীর গুলশানের একটি হোটেলে ব্যাংক দুটির পক্ষ থেকে এক যৌথ সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সোহেল আর কে হুসেইন, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আবরার এ আনোয়ার এবং বিনিয়োগ বোর্ডের পরিচালক তৌহিদুর রহমান খান।
সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ২৬ এপ্রিল হংকংয়ের রিটজ কার্লটনে এ সম্মেলন হবে। বাংলাদেশের ব্যবসার ইতিবাচক পরিবেশ বিশ্বের সামনে তুলে ধরাই এ আয়োজনের লক্ষ্য। এতে দেশ-বিদেশের প্রায় ২৫০ জন ব্যবসায়িক নেতা উপস্থিত থাকবেন।