হংকংয়ে কাল বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন
বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে আগামীকাল মঙ্গলবার হংকংয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে চতুর্থ বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট বা বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন।
হংকংয়ের রিৎজ-কার্লটন হোটেলে এই সম্মেলন হবে। সম্মেলনে বাংলাদেশের অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত উপস্থিত থাকবেন। তিনি সেখানে বক্তব্য দেবেন।
সম্মেলনে আরও বক্তব্য দেবেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর জ্বালানি–বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী।
সম্মেলনের প্রধান স্পনসর সিটি ব্যাংক ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। বাংলাদেশ বিনিয়োগ বোর্ডের সহযোগিতায় এই সম্মেলনের সহযোগী স্পনসর ডিএফডিএল ও লংকা–বাংলা ইনভেস্টমেন্টস।
আয়োজকদের আশা, সম্মেলনে দেশ-বিদেশের প্রায় ২৫০ জন অংশগ্রহণকারী উপস্থিত থাকবেন।
সম্মেলনের প্যানেল আলোচনায় বিদ্যুৎ ও জ্বালানি, রপ্তানি সম্ভাবনা, আইসিটি অগ্রগতি, অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ, বাংলাদেশে বিদেশি বিনিয়োগকারীদের সুযোগ, পিপিপি ও বাংলাদেশে তার ভূমিকা, বাংলাদেশের ক্যাপিটাল মার্কেট প্রভৃতি বিষয় থাকবে।