হংকংয়ে বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন

হংকংয়ে আগামী এপ্রিল মাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে এবারের ‘বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন’। বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার লক্ষ্যে বিনিয়োগ বোর্ডের সহায়তায় যৌথভাবে সম্মেলনটির আয়োজন করছে সিটি ব্যাংক লিমিটেড ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশ (এসসিবি)।
রাজধানীর গুলশানের একটি হোটেলে গতকাল বুধবার এক যৌথ সংবাদ সম্মেলনে ব্যাংক দুটির শীর্ষ নির্বাহীরা এ তথ্য জানান। এতে বলা হয়, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বিনিয়োগ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সোহেল আর কে হুসেইন, এসসিবির সিইও আবরার এ আনোয়ার এবং বিনিয়োগ বোর্ডের পরিচালক তৌহিদুর রহমান খান।
অনুষ্ঠানে জানানো হয়, আগামী ২৬ এপ্রিল হংকংয়ের রিটজ-কার্লটনে দিনব্যাপী এ বিনিয়োগ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে দেশ-বিদেশের ২৫০ জনের বেশি ব্যবসায়ী, সরকারি প্রতিনিধি, বিনিয়োগকারী, বিভিন্ন করপোরেট প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা যোগ দেবেন।
সোহেল আর কে হুসেইন বলেন, ‘হংকংয়ের মতো একটি বৈশ্বিক বাণিজ্য কেন্দ্রে এবারের সম্মেলন আয়োজন করে আমরা বাংলাদেশি উদ্যোক্তাদের এশিয়ার বড় উদ্যোক্তাদের সঙ্গে সাক্ষাতের ব্যবস্থা করে দিচ্ছি।’
আবরার এ আনোয়ার বলেন, হংকংয়ে প্রচুর অর্থলগ্নিকারী ও বিনিয়োগকারী প্রতিষ্ঠান আছে, যারা বাংলাদেশসহ বিভিন্ন দেশের বড় বড় প্রকল্পে অর্থায়ন করে। এ সম্মেলনের মাধ্যমে তাদের বাংলাদেশে আরও বেশি করে বিনিয়োগের আহ্বান জানানো হবে।