হংকংয়ের ব্যবসায়ী প্রতিনিধিদল নতুন বাজার খুঁজতে ঢাকায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন উৎপাদক দেশ খুঁজতে ঢাকায় সফরে এসেছে হংকংয়ের আমেরিকান চেম্বার অব কমার্স বা অ্যামচেম হংকংয়ের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। কারণ, বিশ্বের শীর্ষস্থানীয় পোশাক রপ্তানিকারক দেশ চীন পোশাক খাত থেকে সরে যাওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। ঢাকা সফররত এই প্রতিনিধিদলে রয়েছেন বিশ্বের শীর্ষস্থানীয় এইচ অ্যান্ড এম, ওয়ালমার্ট, ভিএফসি, লি অ্যান্ড ফাং গ্রুপ, নাইকি, কার্টার্স, ব্যুরো ভেরিটাসের মতো বিখ্যাত সব ব্র্যান্ডের প্রতিনিধি।বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন বলেছেন, এটা একটা বিরাট সুযোগ। তিনি বলেন, ‘সুযোগটি নিতে পারলে দেশের পোশাক খাতের রপ্তানি কয়েক গুণ পর্যন্ত বাড়ানো সম্ভব। তবে এ ক্ষেত্রে আমাদের সক্ষমতার ব্যাপারে বিদেশি ক্রেতাদের নিশ্চয়তা দিতে হবে। সরকারকেও লক্ষ্য নির্ধারণ করে রোডম্যাপ তৈরি করতে হবে।’আর হংকং প্রতিনিধিদলের নেতা ও অ্যামচেম হংকংয়ের সভাপতি রিচার্ড ভুয়েলস্টিক বলেছেন, বাংলাদেশ ছাড়াও তাঁরা মিয়ানমার, ভিয়েতনাম, কম্বোডিয়া ও ইন্দোনেশিয়া সফর করবেন। তারপর চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। তবে বাংলাদেশে ফিরে আসার ব্যাপারে তিনি আশাবাদী। প্রতিনিধিদলটি গত শনিবার চার দিনের সফরে বাংলাদেশে আসে। তারা বিশ্বের শীর্ষস্থানীয় পোশাক, পাদুকা ও বস্ত্র খাতের প্রায় ৩০টি ব্র্যান্ডের প্রতিনিধিত্ব করছে। চলতি বছর বাংলাদেশের মোট পোশাক রপ্তানির প্রায় ৩০ দশমিক ৪ শতাংশই গেছে এসব প্রতিনিধি ও ব্র্যান্ডের কাছে। অর্থের হিসাবে যা প্রায় ৫৮০ কোটি ডলার। বিজিএমইএ নেতাদের সঙ্গে হংকংয়ের প্রতিনিধিদলটি গতকাল রোববার সকালে সমিতির কার্যালয়ে বৈঠক করে। বৈঠক শেষে রিচার্ড ভুয়েলস্টিক বাংলাদেশ থেকে পোশাক আমদানির বিষয়ে আশা প্রকাশ করেন। প্রতিনিধিদলটি পরে সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে সাক্ষাৎ করে।বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে বিজিএমইএ সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন বলেন, বিশ্বের মোট পোশাক রপ্তানির ৩৬ শতাংশই চীনের দখলে। কিন্তু দেশটি ইতিমধ্যেই এ খাত থেকে সরে গিয়ে উচ্চ প্রযুক্তির ব্যবসায় যাওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। এ পরিস্থিতিতে হংকংয়ের প্রতিনিধিদল নতুন দেশ খুঁজতে এসেছে। তিনি বলেন, ‘চীন সরে গেলে অতিরিক্ত চাহিদা আমরা মেটাতে পারব কি না এবং আমরা তাঁদের আহ্বানে কতটা সাড়া দিতে পারি, সেটাই দেখতে এসেছে প্রতিনিধিদল। কারণ তারা ৫, ১০ কিংবা ১৫ বছরের মতো দীর্ঘমেয়াদি পরিকল্পনা করছে।’ আন্তর্জাতিক পরামর্শক প্রতিষ্ঠান ম্যাককেনসি এক গবেষণায় বলেছে, বাংলাদেশের তৈরি পোশাক খাতের রপ্তানি ২০১৫ সালে বর্তমান সময়ের চেয়ে দ্বিগুণ এবং ২০২০ সালে তিন গুণ হবে। এই গবেষণার কথা উল্লেখ করে সফিউল ইসলাম মহিউদ্দিন বলেন, চীনের ব্যবসা বদলের এই সুযোগটি পেলে ম্যাককেনসির গবেষণাকেও মিথ্যা প্রমাণিত করে আরও অনেক বেশি রপ্তানি করা সম্ভব হবে। বিজিএমইএ সভাপতি আরও বলেন, সুযোগটি নিতে হলে সরকারকে লক্ষ্য নির্ধারণ করতে হবে। নিরবচ্ছিন্ন গ্যাস-বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা, অবকাঠামো নির্মাণ, বন্দরের সক্ষমতা ও সংখ্যা বাড়ানোর ব্যাপারে স্পষ্ট সিদ্ধান্ত নিতে হবে। একই সঙ্গে ব্যাংকঋণের সুদ সহনীয় পর্যায়ে আনাসহ দক্ষ জনবল গড়ার দিকে মনোযোগ দিতে হবে। বিজিএমইএ নেতারা আরও বলেন, বর্তমানে পোশাক খাতের গড় প্রবৃদ্ধি ১৫ শতাংশ। কিন্তু সুযোগটি কাজে লাগাতে পারলে তা ২০ কিংবা ২৫ শতাংশ পর্যন্ত বৃদ্ধি করা সম্ভব।সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সমিতির সহসভাপতি ফারুক হাসান, সিদ্দিকুর রহমান প্রমুখ।