
প্রয়োজনীয় প্রায় সব পণ্যই একসঙ্গে এক জায়গায় পাওয়া যায় বলে বাণিজ্য মেলার ওপর রাজধানীবাসীর একটা বাড়তি আকর্ষণ থাকে। সে কারণেই মেলা শুরুর পর থেকেই ক্রেতা-দর্শনার্থীর সমাগম ঘটে। আর ছুটির দিনে রীতিমতো ঢল নামে।
তবে ক্রেতা-দর্শনার্থীর এই বিপুল সমাগমের সুযোগ নিয়ে মেলায় থাকা স্টল আর প্যাভিলিয়নের বাইরেও নানা ধরনের পণ্য নিয়ে বসে পড়েন হকারেরা।
এর সঙ্গে বরাবরের মতো যুক্ত হয়েছে ভিক্ষুকের উৎপাত। আর এই হকার-ভিক্ষুকের উৎপাতে বিব্রত হচ্ছেন দর্শনার্থীরা।
আবার মেলা প্রাঙ্গণে যেখানে-সেখানে ময়লা-আবর্জনা পড়ে থাকছে। বিশেষ করে বিভিন্ন স্টল ও প্যাভিলিয়নের মাঝখানের খালি জায়গাটা হয়ে পড়েছে উন্মুক্ত ডাস্টবিন। আর তাই একটু বাতাসেই মেলা প্রাঙ্গণ হয়ে উঠছে ধুলোময়।
এসব অব্যবস্থাপনার বিষয়ে যোগাযোগ করা হলে মেলার সদস্যসচিব বিকর্ণ কুমার ঘোষ প্রথম আলোকে বলেন, ‘প্রতিবছরই এমন অভিযোগ পাওয়া যায়। তবে যতদূর সম্ভব আমরা এসব সমস্যা কাটিয়ে উঠার চেষ্টা করে যাচ্ছি’। আগের যেকোনো সময়ের চেয়ে এবারের মেলার ব্যবস্থাপনা ভালো বলে দাবি তাঁর।
মেলায় হকারদের আনাগোনা বেশি থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন অনেক দর্শনার্থী। মেলা প্রাঙ্গণ ঘুরে চিপস, শপিং ব্যাগ, প্লাস্টিকের খেলনা, কৃত্রিম ফুল, ক্ষুদ্র ও কুটিরশিল্পের বিভিন্ন পণ্য বিক্রেতাসহ বেশ কয়েক ধরনের হকার দেখা গেছে।
এবার মেলায় প্রবেশমূল্য প্রাপ্তবয়স্কদের জন্য ৩০ টাকা ও শিশুদের জন্য ২০ টাকা নির্ধারণ করা হয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, একই মূল্যের টিকিটে হকারদেরও মেলায় প্রবেশ করতে দিচ্ছে আয়োজকেরা। তবে দিনশেষে তাদের কাছ থেকে বিক্রির একটি
অংশও তারা বুঝে নেয় বলে অভিযোগ পাওয়া গেছে। অবশ্য এই টাকা সরকারি কোষাগারে যাবে না, এটাই স্বাভাবিক।
মেলার ভেতরে চিপস বিক্রি করছেন ইমরান। তিনি জানান, ৩০ টাকার টিকিট কেটে তিনি মেলায় ঢুকেছেন। আর তার চিপসের বস্তার জন্য ৩০ টাকা দিয়ে আরও একটি টিকিট তাকে কাটতে হয়েছে।
শপিং ব্যাগ বিক্রেতা জুয়েল জানান, আগের দিন ৩০০ টাকায় ১০টি টিকিট কিনে দুই হাজার টাকার পণ্য নিয়ে মেলায় ঢুকেছেন।
কয়েকজন হকার অবশ্য জানান, শুধু টিকিট কাটলেই হয় না। এর বাইরে রাতে ‘এখানকার লোকজনকে’ আরও কিছু টাকাও দিতে হয়।
শুধু হকার নয়, মেলায় চেয়ার-টেবিল নিয়ে চা-সিগারেট বিক্রি করতেও দেখা গেছে কয়েকজনকে। মেলা কর্তৃপক্ষ তা দেখেও না দেখার ভান করছে।
মেলা প্রাঙ্গণে যুক্ত হয়েছে ভিক্ষুকদের উৎপাতও। ভিক্ষুকেরা নিজেরাই শুধু আসেন না, সঙ্গে নিয়ে আসেন বাচ্চাদেরও।
এবার মেলায় অন্তত ৩০টি স্টলে ‘একটি কিনলে ১০টি ফ্রি’ অফার দিয়ে পণ্য বিক্রি হচ্ছে। এসব দোকানের সামনে কর্মীও রাখা হয়েছে ক্রেতাদের এই পণ্যটি দেখাতে। অনেক ক্ষেত্রে এই পণ্যটি দেখতে ক্রেতাদের জোরাজুরিও করেছেন তাঁরা। পণ্য বিক্রির জন্য এই টানাটানিতেও বিরক্তি প্রকাশ করছেন কোনো কোনো ক্রেতা।
তবে এবার টিকিট কেনার পর্যাপ্ত বুথ থাকায় এবং নিরাপত্তাকর্মীদের সহযোগিতায় মেলায় ঢুকতে খুব একটা বেগ পেতে হচ্ছে না ক্রেতা-দর্শনার্থীদের।
অবশ্য ছুটির দিনের চিত্র পুরোই ভিন্ন। একটু ভোগান্তি সেদিন ক্রেতা-দর্শনার্থীকে পোহাতেই হয়।
সামগ্রিকভাবে নিরাপত্তা ব্যবস্থা বেশ ভাল প্রতীয়মান হয়েছে। বিজিবি সদস্যরা নিয়মিতই মেলা প্রাঙ্গণে টহল দেয়।
রাজধানীর শেরেবাংলা নগরে এবারের মেলায় ৯৬টি প্যাভিলিয়ন, ৪৯টি মিনি-প্যাভিলিয়ন, ৩১৬টি স্টল, ১০টি রেস্তোরাঁর ব্যবস্থা রাখা হয়েছে।
মেলায় এশিয়া, উত্তর আমেরিকা ও ইউরোপ মহাদেশের ১২টি দেশ অংশ নিচ্ছে। আগামী ১১ জানুয়ারি মাসব্যাপী এই মেলা শেষ হবে।