হজ-কার্যক্রমে সহায়তাকারী ট্রাভেল এজেন্টদের এমিরেটসের সংবর্ধনা
এমিরেটস এয়ারলাইন সম্প্রতি হজ-কার্যক্রমে সহায়তাদানকারী ট্রাভেল এজেন্টদের সম্মানে ঢাকার একটি হোটেলে এক সংবর্ধনার আয়োজন করে।বেসামরিক বিমান চলাচল ও পর্যটনবিষয়ক মন্ত্রী জি এম কাদের, বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের চার্জ দ্য অ্যাফেয়ার্স গাজী আবদুল্লা বি আসুর, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান মাহমুদ হোসেন, বাংলাদেশ এমিরেটসের জিএসএ এবিসি এয়ারের ব্যবস্থাপনা পরিচালক আলেক্সান্ডার লিসহ শীর্ষস্থানীয় ট্রাভেল এজেন্টরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বাংলাদেশে এমিরেটস এরিয়া ম্যানেজার সতীশ শেঠি বক্তৃতায় বলেন, ‘ট্রাভেল এজেন্সিগুলোর সহায়তা ছাড়া এই বিশাল কাজটি সুষ্ঠুভাবে সম্পাদন করা সম্ভব হতো না।’অনুষ্ঠানে শীর্ষস্থানীয় পাঁচ হজ ও ট্রাভেল এজেন্সিকে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়। প্রতিষ্ঠানগুলো হলো সুরেশ্বর ট্রাভেলস, হক ট্রাভেলস, এয়ারট্রিপ ইন্টারন্যাশনাল, এরোওয়েজ ট্রাভেলস ও ভার্সেটাইল ট্যুরস অ্যান্ড ট্রাভেলস। শীর্ষস্থানীয় এজেন্টদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন জি এম কাদের। বিজ্ঞপ্তি।