হজ মৌসুমে সৌদি আরবে হাজার কোটি ডলারের ব্যবসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পবিত্র হজ বিশ্বের সবচেয়ে বড় বার্ষিক ঘটনা। মার্কিন যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক লিডারশিপ কাউন্সিল (ডিএলসি) এভাবেই হজ সম্পর্কে মন্তব্য করেছে। এক প্রতিবেদনে ডিএলসি আরও বলেছে, বিশ্বের ১৭৮টি দেশ থেকে বিপুল পরিমাণ মুসলমান প্রতিবছর সৌদি আরবে সমবেত হয়ে থাকেন হজ পালনের জন্য। এ বিরাট সমাবেশই হজকে বিশ্বের সবচেয়ে বড় সম্মিলনী ও ঘটনায় পরিণত করেছে।আর এ বিরাট সমাবেশ ঘিরে প্রতিবছরই বাড়ছে ব্যবসা-বাণিজ্য তথা অর্থনৈতিক কর্মকাণ্ড। বিশেষ করে তেলসমৃদ্ধ সৌদি আরবের অর্থনীতিতে হজ অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। মক্কা চেম্বার অব কমার্সের এক হিসাব অনুসারে, ২০১১ সালে হজকে কেন্দ্র করে সৌদি আরবের অন্তত এক হাজার কোটি ডলার উপার্জন হয়েছে।হজ সামনে রেখে সৌদি আরবের বেসরকারি খাতে জমজমাট ব্যবসা হয়। আবাসন খাতে বিনিয়োগ বাড়ে। হোটেলের মালিকেরাও বিপুল পরিমাণ অর্থ উপার্জন করে থাকেন। পবিত্র কাবা শরিফের কাছাকাছি হোটেলগুলোয় এক রাতের ভাড়া ৭০০ ডলার। মক্কা নগরের অন্যতম বড় আবাসন ব্যবসায়ী মোহাম্মদ সায়েদ আল জানি বলেন, ‘আমি ৩৫ বছর ধরে এ খাতে ব্যবসা ও বিনিয়োগ করে আসছি। প্রথম যখন আমি জমি বিক্রি করি, তখন প্রতি মিটারের দাম ছিল ১৫ রিয়াল বা তিন ডলার। আর এখন তা ৮০ হাজার রিয়াল বা ২২ হাজার ডলার।’ চাহিদা ও দাম এভাবেই বাড়ছে।বিলাসবহুল সুউচ্চ হোটেল গড়ে উঠছে মক্কা নগরজুড়ে। বিশ্বের বিভিন্ন দেশের বিত্তবান মুসলমানেরা এসব হোটেলের গ্রাহক। হজকে কেন্দ্র করে ব্যবসা-বাণিজ্য শুধু সৌদি আরবে নয়, গোটা বিশ্বেই ছড়িয়ে পড়েছে। শুধু হজযাত্রার পরিকল্পনা করা ও ভিসার জন্যই যে পরিমাণ তথ্য আদান-প্রদানের ব্যবসা সম্পন্ন হয়, তাতে মার্কিন যুক্তরাষ্ট্রে বিভিন্ন সফটওয়্যার প্রতিষ্ঠানের পাশাপাশি চীন ও জাপানের প্রতিষ্ঠানগুলোও এখন ভালো ব্যবসা করছে। এ তথ্য যোগাযোগ কর্মযজ্ঞের মধ্যে আছে বিমানের টিকিট বুকিং ইস্যু, হোটেল বুকিং, মক্কা ও মদিনায় যাতায়াতের জন্য যানবাহনে আসন নির্ধারণ ইত্যাদি।হাজিরা থাকা-খাওয়ার খরচ মেটানোর জন্য দেশ থেকেই বৈদেশিক মুদ্রা, বিশেষত ডলার নিয়ে আসেন। আর তা ভাঙিয়ে রিয়াল করা হয়। এ বিনিময়কাজে সৌদি আরবের বিভিন্ন ব্যাংকের ব্যবসা থাকে তুঙ্গে। চলে প্রতিযোগিতা।প্রযুক্তির বিকাশ কাজে লাগিয়ে এখন হাজিরা নগদ অর্থের বদলে প্রিপেইড কার্ড নিয়ে যাচ্ছেন। গত বছরই ভারতের স্টেট ব্যাংক অব ইন্ডিয়া ভারতীয় হাজিদের জন্য এ কার্ড ছেড়েছে। বাংলাদেশের একাধিক বাণিজ্যিক ব্যাংকও এ ধরনের কার্ডের প্রবর্তন করেছে।সৌদি আরবের একাধিক টেলিফোন কোম্পানির সিম কার্ডও বিক্রি বেড়ে যায় হজের মৌসুমে।হজের স্মারক সংগ্রহ করা হাজিদের বহু দিনের প্রথা। টুপি, তসবিহ, আতর, জায়নামাজ, গিলাফ, চাদর ইত্যাদি পসরা নিয়ে অগণিত দোকান আছে মক্কা ও মদিনায়। এসব পণ্যের বড় জোগানদারের তালিকায় চীনের নামটি উঠে আসে সবার আগে। বাংলাদেশ থেকেও কিছু টুপি যায় সেখানে। সূত্র: বিবিসি ও ডিএলসি।