হজযাত্রীদের ব্যয়ের অর্থ সৌদি আরবে স্থানান্তরের অনুমোদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি ব্যবস্থাপনায় এ বছর হজে যেতে আগ্রহী ব্যক্তিদের বাড়িভাড়া, খাবার সরবরাহ ও অন্যান্য খরচের জন্য জনপ্রতি ছয় হাজার ৮০০ সৌদি রিয়াল (দেশীয় মুদ্রায় প্রায় এক লাখ ৪০ হাজার টাকা) সৌদি আরবে স্থানান্তরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য বৈদেশিক মুদ্রা লেনদেনকারী ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বাংলাদেশ ব্যাংক গতকাল রোববার এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে। এতে বলা হয়েছে, বৈদেশিক মুদ্রা লেনদেন করে—এমন সব ব্যাংকের মাধ্যমে এই অর্থ পরিশোধ করা যাবে।
প্রজ্ঞাপনে হজযাত্রীদের নামের তালিকা ও মোয়াল্লেম ফি জমা দেওয়ার প্রমাণ সাপেক্ষে হজ এজেন্সি অথবা বৈধ প্রতিনিধির মাধ্যমে এই অর্থ সৌদি আরবে পাঠাতে বলা হয়েছে।
প্রসঙ্গত, সরকারি ব্যবস্থাপনার বাইরে প্রতিবছর বেসরকারি ব্যবস্থাপনায় প্রচুর মানুষ এ দেশ থেকে হজ পালন করতে যান।
উল্লেখ্য, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ শাখা গত ২৩ জুলাই হজযাত্রীদের বাড়িভাড়া, খাবার সরবরাহ ও অন্যান্য খরচ বাবদ মাথাপিছু ছয় হাজার ৮০০ সৌদি রিয়েল সৌদি আরবে স্থানান্তর করার বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে।