হজযাত্রীপ্রতি সর্বোচ্চ ৯ হাজার সৌদি রিয়াল প্রেরণ করা যাবে
এ বছর বেসরকারি ব্যবস্থাপনায় যাঁরা পবিত্র হজ পালনে যাবেন, তাঁদের বাড়িভাড়া, খাওয়া ও অন্যান্য অর্থ যথাযথ বিধিবিধান অনুসরণ করে সৌদি আরবে স্থানান্তর করতে সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। গত সোমবার এ-সংক্রান্ত এক সার্কুলার জারি করা হয়েছে, যা সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে পাঠানো হয়েছে।এ ক্ষেত্রে হজযাত্রীপ্রতি সর্বোচ্চ নয় হাজার সৌদি রিয়াল সৌদি আরবে পাঠানো যাবে বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে। তবে সরকারঘোষিত সর্বনিম্ন হজ প্যাকেজের মূল্যের (তিন লাখ তিন হাজার ৪৪০ টাকা) চেয়ে বেশি মূল্যে যেসব হজ এজেন্সি প্যাকেজ ঘোষণা করেছে, তাদের যাত্রীদের জন্য এই হার প্রযোজ্য হবে।বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে বলা হয়েছে, সর্বনিম্ন প্যাকেজ মূল্যের চেয়ে বেশি মূল্যে হজ প্যাকেজ ঘোষণাকারী এজেন্সির ক্ষেত্রে ওই এজেন্সির ঘোষিত হজ প্যাকেজ, হজযাত্রীর সঙ্গে করা চুক্তি, চুক্তি অনুযায়ী পুরো অর্থ হজ এজেন্সির নিজস্ব ব্যাংক হিসাবে জমা হওয়ার ব্যাংক সনদ, হজ কর্মকর্তা ঢাকা ও হাব কর্তৃপক্ষকে প্রদর্শন করে অনুমোদন নিতে হবে। এরপর চুক্তিতে উল্লিখিত বাড়িভাড়া, খাওয়া ও অন্যান্য খরচ বাবদ আনুপাতিক পরিমাণ অর্থ হজযাত্রীপ্রতি সর্বোচ্চ নয় হাজার সৌদি রিয়াল পর্যন্ত যথাযথ বিধিবিধান অনুযায়ী সৌদি আরবে পাঠাতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।তবে সরকার-নির্ধারিত সর্বনিম্ন প্যাকেজ অনুসরণকারী এজেন্সির মাধ্যমে বেসরকারি ব্যবস্থাপনায় গমনেচ্ছু হজযাত্রীপ্রতি সর্বোচ্চ ছয় হাজার ৯০০ সৌদি রিয়াল অর্থ ব্যয় করতে হবে বলে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।