হঠাৎ চড়া মসুর ডালের দাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাত্র দুই সপ্তাহের ব্যবধানে মসুর ডালের দাম প্রতি কেজিতে ২৫ টাকা পর্যন্ত বেড়েছে। আমদানিকারকেরা জানান, মন্দা আবহাওয়ার কারণে এবার ভারত, নেপাল ও অস্ট্রেলিয়ায় মসুর ডালের ফলন কম হওয়ায় দেশের বাজারে প্রয়োজনীয় এই ভোগ্যপণ্যের দামে প্রভাব পড়েছে।
তবে ভোক্তাদের জন্য ভালো খবরও আসছে। সেটি হলো, আগামী মাসের শেষ দিকে দেশের কৃষকেরা ঘরে মসুর ডালের ফলন তুলবেন। এ কারণে পাইকারি বাজারে দাম এখন কিছুটা পড়তির দিকে রয়েছে।
দেশের অন্যতম বৃহৎ পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে খোঁজ নিয়ে জানা গেছে, গতকাল রোববার প্রতি কেজি চিকন দানার মসুর ডাল বিক্রি হয়েছে ১৩৪ টাকা। আর মানভেদে প্রতি কেজি মোটা দানার মসুর ডাল ৮৫ থেকে ৯০ টাকা ও মাঝারি দানা ১০৩ থেকে ১০৫ টাকা দরে বিক্রি হয়।
অন্যদিকে খুচরা বাজারে গতকাল প্রতি কেজি চিকন দানার খোলা মসুর ডাল ১৪০ থেকে ১৪২ টাকা এবং প্যাকেটজাত মসুর ১৪৫ থেকে ১৫০ টাকা দরে বিক্রি হয়। মোটা দানার দর ছিল ১০০ টাকার নিচে। আর মাঝারি দানার মসুর বিক্রি হয় ১১০ টাকা দরে।
আমদানিকারক ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, দু-আড়াই সপ্তাহ আগে খাতুনগঞ্জ পাইকারি বাজারে প্রতি কেজি চিকন দানার মসুর ডাল ১১০-১১২ টাকা ও মোটা দানা ৭৭-৭৮ টাকা দরে বিক্রি হয়েছিল। আন্তর্জাতিক বাজারে দর বেড়ে যাওয়ায় খাতুনগঞ্জের পাইকারি বাজারে একপর্যায়ে চিকন দানার মসুর ডালের দাম লাফিয়ে লাফিয়ে ১৩৮ টাকা এবং মোটা দানা ৯৩-১০০ টাকা পর্যন্ত উঠেছিল। তিন দিন ধরে অবশ্য দাম আবার পড়ছে।
জানতে চাইলে আমদানিকারক ও বিএসএম গ্রুপের চেয়ারম্যান আবুল বশর চৌধুরী গতকাল প্রথম আলোকে বলেন, ‘খারাপ আবহাওয়ার কারণে ভারত, নেপাল ও অস্ট্রেলিয়ায় মসুর ডালের ফলন কম হওয়ায় আন্তর্জাতিক বাজারে পণ্যটির দাম টনপ্রতি ৭০০ ডলার থেকে বেড়ে ১ হাজার ১০০ ডলার পর্যন্ত উঠে যায়। এ কারণে দেশীয় বাজারে পণ্যটির দাম বেড়েছে। এখনো অবশ্য প্রতি টন মসুরের দাম ১ হাজার ডলারের ওপর।’
খাতুনগঞ্জ চাল-ডাল মিল মালিক সমিতির সভাপতি আহমদ রশিদ আমু বলেন, ‘আমাদের পাইকারি বাজারে প্রতি কেজিতে ২৫-২৬ টাকা করে বেড়েছে। তবে সরবরাহ বৃদ্ধি পাওয়ায় প্রতি কেজিতে ৪ টাকা করে দাম কমেছে। আগামী কয়েক দিনের মধ্যে দাম আরও কমতে পারে।’