হঠাৎ দর বৃদ্ধিতে মিউচুয়াল ফান্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভুক্ত মিউচুয়াল ফান্ড খাতের দর ও লেনদেন বেড়েছে। গত দুই দিনে গড়ে এ খাতের ফান্ডগুলোর দাম প্রায় ৯ শতাংশ বেড়েছে। এর মধ্যে গতকাল সোমবার এক দিনেই ফান্ডগুলোর প্রতিটি ইউনিটের দাম গড়ে ৫ শতাংশ বেড়েছে।দীর্ঘদিন ধরে এ খাতে মন্দাভাব বিরাজ করছিল। মাঝে মিউচুয়াল ফান্ড বিধিমালা সংশোধনীকে কেন্দ্র করে এ খাতে কিছুটা দর বৃদ্ধির ঘটনা ঘটেছিল। তবে গত দুই দিনে হঠাৎ করে এ খাতের দর বৃদ্ধির সুনির্দিষ্ট কোনো কারণ জানাতে পারেননি সংশ্লিষ্ট ব্যক্তিরা।গতকাল ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি ও প্রতিষ্ঠানের তালিকার নয়টিই ছিল মিউচুয়াল ফান্ড। এদিন তালিকাভুক্ত ৪১টি মিউচুয়াল ফান্ডের মধ্যে ৩৮টিরই দাম বেড়েছে। দিনের শেষে এ খাতের সম্মিলিত লেনদেনের পরিমাণ ছিল প্রায় ১৮ কোটি টাকা, যা ডিএসইর মোট লেনদেনের প্রায় ১২ শতাংশ। রোববার এ খাতের লেনদেন হওয়া ফান্ডগুলোর সম্মিলিত লেনদেনের পরিমাণ ছিল প্রায় ১২ কোটি টাকা। সেই হিসাবে গতকাল এ খাতে লেনদেনের পরিমাণ আগের দিনের চেয়ে ছয় কোটি টাকা বেড়েছে।এদিকে দরপতন দিয়ে শুরু হলেও ঢাকার শেয়ারবাজারের সব কটি সূচকই বেড়েছে। ডিএসইর সাধারণ সূচক প্রায় ১৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে তিন হাজার ৬৬৫ পয়েন্ট। যদিও এদিন সাধারণ সূচকের সর্বোচ্চ ও সর্বনিম্ন অবস্থানের মধ্যকার ব্যবধান ছিল ৪০ পয়েন্ট। নতুন সূচক ডিএসইএক্স প্রায় ২২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে তিন হাজার ৫১৫ পয়েন্ট। এই সূচকের সর্বোচ্চ ও সর্বনিম্ন অবস্থানের মধ্যকার ব্যবধান ছিল প্রায় ৫০ পয়েন্ট।দিনের শুরুতে লেনদেন হওয়া কোম্পানিগুলোর বেশির ভাগই ছিল দরপতনের তালিকায়। দুপুরের পর এ অবস্থার উন্নতি ঘটে। এদিন ডিএসইতে ২৬৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ২০৪টিরই দাম বেড়েছে, কমেছে ৪৯টির আর অপরিবর্তিত ছিল ১৪টির দাম। দিনের শেষে ঢাকার বাজারে লেনদেনের পরিমাণ ছিল প্রায় ১৪৮ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে ৩৪ কোটি টাকা বেশি।