হঠাৎ নগদ ডলারের সংকট, দর উঠেছে ৮২ টাকায়
হঠাৎ করেই খোলাবাজারে মার্কিন ডলারের সংকট দেখা দিয়েছে। এর ফলে দামও বেড়েছে। গতকাল বৃহস্পতিবার ব্যাংক ও খোলাবাজারে প্রতি ডলারের দাম উঠেছে ৮২ টাকায়। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, হজ ও ঈদকে ঘিরে অনেক মানুষ একসঙ্গে দেশের বাইরে গেছে। এ কারণে ডলারের চাহিদা বেড়ে যায় এবং এর ফলে খোলাবাজারে সংকট দেখা দেয়।
হঠাৎ তৈরি হওয়া ডলারের এ সংকট মোকাবিলায় কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোর বিদেশি হিসাব থেকে ডলার আনার অনুমতি দিতে চায়। এ জন্য ডলার আমদানিতে কর অবকাশ সুবিধা চেয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চিঠিও পাঠানো হয়েছে। এ সুবিধা পাওয়া গেলে নগদ ডলারের সংকট কেটে যাবে বলে মনে করছে বাংলাদেশ ব্যাংক। পাশাপাশি ব্যাংকের ডলার মূল্য ও খোলাবাজারের ডলার মূল্যের মধ্যে ব্যবধানও কমে আসবে বলে মনে করা হচ্ছে।
কেন্দ্রীয় ব্যাংকের এক কর্মকর্তা জানান, ইদানিং প্রচুর মানুষ বিদেশে যাওয়ায় নগদ ডলারের চাহিদা কিছুটা বেড়ে গিয়ে সংকট দেখা দিয়েছে।