হঠাৎ বাড়িওয়ালাদের সংগঠন!
কর ফাঁকি রোধ করতে বাড়িওয়ালাদের বিশেষ নজরদারিতে আনছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এ জন্য বাড়িভাড়া ব্যাংক হিসাবে জমা দেওয়া বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার। আর এই পরিস্থিতিতে হঠাৎ করেই গড়ে উঠেছে বাড়িওয়ালাদের একটি সংগঠন।
বাংলাদেশ হাউস অ্যান্ড ফ্ল্যাট ওনার্স অ্যাসোসিয়েশন (প্রস্তাবিত) নামে এই সংগঠনের বর্তমান সদস্যসংখ্যা ১৭। যদিও এটির কোনো নিবন্ধন বা বৈধতা এখনো নেই।
রাজধানীর জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে গতকাল শনিবার একটি সংবাদ সম্মেলনের আয়োজন করে এই সংগঠন। এতে সংগঠনের নেতারা বলেন, বাড়িভাড়া ব্যাংকে জমা দিতে বাধ্যতামূলক করা হলে ভাড়াটেরাই চাপে পড়বেন। সে জন্য ঢাকার দুই সিটি করপোরেশন নির্ধারিত ওয়ার্ড নম্বর অনুযায়ী বাড়িভাড়ার সর্বোচ্চ ৫ শতাংশ হারে কর নির্ধারণের দাবি জানান তাঁরা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের আহ্বায়ক মো. হেলাল উদ্দিন। তিিন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) বর্তমান সহসভাপতি। এ ছাড়াও উপস্থিত ছিলেন মালিবাগ বাগানবাড়ি কল্যাণ সমিতির সভাপতি রেজাউল ইসলাম, মগবাজার সোনালীবাগ সমাজকল্যাণ সংসদের সভাপতি মাসুদ কাদের, ঢাকা মহানগর সমিতির মহাসচিব আবু মোতালেব ও আবদুস সালাম নামে পুরান ঢাকার একজন বাড়িওয়ালা। তাঁরা সবাই এই সংগঠনের সদস্য।
মাত্র ১৭ জন সদস্যের সংগঠনটি ঢাকার লাখ লাখ বাড়িওয়ালাদের প্রতিনিধিত্ব করে কি না এমন প্রশ্নের জবাবে মাসুদ কাদের ও রেজাউল ইসলাম জানান, আগে বাড়িওয়ালা ও ভাড়াটেদের অভিযোগ জানানোর কোনো জায়গা ছিল না। এখন হয়েছে। ধীরে ধীরে সবাই সংগঠনের আওতায় চলে আসবেন বলে দাবি করেন তাঁরা।
২০১৪-১৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বাড়িওয়ালাদের ভাড়ার টাকা ব্যাংক হিসাবে জমা নেওয়ার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। তবে যেসব বাড়িওয়ালা মাসে ২৫ হাজার টাকার কম ভাড়া পান, তাঁদের ভাড়া ব্যাংক হিসাবে নিতে হবে না। আর বাড়িভাড়া বলতে ভাড়া ও সার্ভিস চার্জ দুটোই থাকবে।
লিখিত বক্তব্যে হেলাল উদ্দিন বলেন, সিটি করপোরেশন নির্ধারিত ওয়ার্ড নম্বর অনুযায়ী বাড়িভাড়ার পাঁচ শতাংশ হারে কর আদায় করলে সরকার বছরে পাঁচ হাজার কোটি টাকা রাজস্ব আদায় করতে পারবে। আর ব্যাংকের মাধ্যমে বাড়িভাড়া বাধ্যতামূলক করার পাশাপাশি কর আদায় করলে তা শেষ পর্যন্ত বাড়িভাড়ার সঙ্গেই যুক্ত হবে। তিনি আরও বলেন, বাড়তি কর ভাড়াটের পক্ষে বহন করা কঠিন হবে। আবার আয়কর পরিশোধ থেকে রেহাই পেতে বাড়ির মালিক, ভাড়াটে ও রাজস্ব কর্মকর্তাদের মধ্যে একটি অশুভ আঁতাতের সম্ভাবনাও আছে। এ ছাড়া বাড়িওয়ালাদের টিআইএন গ্রহণের জন্য দুই মাস সময় দেওয়ার দাবি করেন তিনি৷
অবশ্য ঢাকার সব এলাকাতেই সিটি করপোরেশনের নির্ধারিত ভাড়ার চেয়ে কয়েক গুণ বেশি ভাড়া আদায় করেন বাড়িওয়ালারা। তার পরও ‘কাগজে-কলমে’ থাকা সেই ভাড়ার ৫ শতাংশ হারে করারোপ নৈতিকভাবে গ্রহণযোগ্য কি না—কয়েকজন সাংবাদিক একাধিবার এই প্রশ্ন করলে হেলাল উদ্দিন বারবারই এড়িয়ে যান। তবে তিনি স্বীকার করেন, করপোরেশনের বাড়িভাড়ার তালিকা কোথাও মানা হয় না। এ ছাড়া পাঁচ হাজার কোটি টাকা রাজস্ব আয়ের হিসাবটি কিসের ভিত্তিতে করা হয়েছে সে বিষয়েও তিনি কোনো সদুত্তর দিতে পারেননি।
এনবিআর সূত্র জানায়, ব্যাংক লেনদেনের মাধ্যমে বাড়িভাড়া নিতে হবে বাড়ির মালিকদের। বছর শেষে আয়কর বিবরণী বা রিটার্নের সঙ্গে সেই হিসাবের লেনদেন মিলিয়ে দেখবেন কর কর্মকর্তারা। কেননা, আয়কর অধ্যাদেশের ২(৩) ধারা অনুযায়ী, কোনো করদাতার বাড়িভাড়া থেকে প্রাপ্ত অর্থ যদি যুক্তিসংগত না হয়, তবে কর কর্মকর্তা ওই এলাকার সমতুল্য অন্য বাড়িভাড়ার মূল্যের ওপর ভিত্তি করে ওই করদাতার বাড়িভাড়া বাবদ আয় নির্ধারণ করতে পারবেন। এ ছাড়া এই প্রক্রিয়ায় ভাড়াটের আয়ও নজরদারিতে আনা যাবে বলে মনে করছেন এনবিআর কর্মকর্তারা।
৬ জুন বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলনে ব্যাংক হিসাবে বাড়িভাড়া জমা বাধ্যতামূলক করার বিষয়ে ব্যাখ্যা দেন এনবিআরের চেয়ারম্যান গোলাম হোসেন। তিনি বলেন, এটি এখনো প্রস্তাব হিসেবে আছে। কোনো বিধিবিধান হয়নি। তবে ৩০ জুনের মধ্যে হয়ে যাবে।
গোলাম হোসেন আরও বলেন, অনেকেই বলছেন, বাড়িওয়ালারা অল্প টাকা ব্যাংকে দিয়ে বাকিটা নগদে আদায় করবেন। কিন্তু বাড়িওয়ালা ও ভাড়াটে উভয়ের কাছেই তো ব্যাংকে টাকা জমা দেওয়ার রসিদ থাকবে। এটি দিয়ে যাচাই-বাছাই করা যাবে। এ ক্ষেত্রে অসততা করলে ১০ শতাংশ দণ্ডের বিধান আছে, সেটি ৫০ শতাংশ করার চিন্তা চলছে বলে জানান তিনি। এনবিআর চেয়ারম্যান বলেন, বাড়িভাড়ার তথ্য গোপন করলে বিপদে পড়বেন বাড়িওয়ালারা।