ছবিটি রাজধানীর কারওয়ান বাজার এলাকা থেকে তোলা । ছবি: প্রথম আলো
হঠাৎ লাফিয়ে উঠল কেন শাক-সবজির দাম?

রাজধানীর কারওয়ান বাজারে কয়েক দিন আগেও ২০ টাকা কেজি দরে বেগুন বিক্রি হয়েছে। সেই বেগুন এখন প্রতি কেজি ৩৫-৪০ টাকা। অল্প কয়েক দিনেই লাফিয়ে দাম বেড়ে তা হয়েছে প্রায় দ্বিগুণ। শুধু বেগুনই নয়, পটল, টমেটো, ঢ্যাঁড়শ, করলা ও কাঁকরোল থেকে শুরু করে সব শাক সবজির দাম কেজি প্রতি ১০-২০ টাকা বেড়েছে।
শাক সবজির পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা হঠাৎ এই দাম বাড়ার কারণ হিসেবে বৃষ্টিকে দায়ী করেছেন। এ বছর রেকর্ড পরিমাণ বৃষ্টি ও বন্যার কারণে ফসলের খেত নষ্ট হওয়ায় সবজির চাহিদার তুলনায় জোগান কমে গেছে। এতে এসব পচনশীল নিত্যপণ্যের দাম বেড়েছে।
কারওয়ান বাজারের সবজির পাইকারি ব্যবসায়ী মো. কামাল হোসেনের ভাষ্য, অতি বৃষ্টিতে গাছ ও গাছের ফসল নষ্ট হয়ে গেছে। পানি জমে নষ্ট হয়েছে খেতে শাকসবজি। এতে শাকসবজির জোগান কমে গেছে। তিনি বলেন, বৃষ্টির কারণে অনেক খুচরা ব্যবসায়ী শাকসবজি কিনতে না আসায় এর প্রভাবও দামে গিয়ে পড়েছে।
এই ক্ষতি পুষিয়ে নিতে এখন পাইকারেরা দাম চড়িয়েছেন বলে দাবি করেন কয়েকজন খুচরা ব্যবসায়ী। আবদুল লতিফ বলেন, যে জমিতে ছয় হাজার গাছ হতো, বৃষ্টির কারণে চারা পচে এখন সেখানে দুই হাজার গাছও নেই। ট্রাক বোঝাই করে পণ্যও আনা যাচ্ছে না। এতে কেজি প্রতি তিন টাকার ট্রাক ভাড়া পড়ছে সাত টাকায়। এটাও সবজির দাম বৃদ্ধির একটি কারণ বলে জানান তিনি।
এখন বৃষ্টি নেই। তাই বলে যে সবজির দাম শিগগিরই স্বাভাবিক পর্যায়ে নেমে আসবে, সে ভরসাও দিচ্ছেন না ব্যবসায়ীরা। পাইকারি ব্যবসায়ী মো. রাসেল বলেন, ‘১০ দিনে কি আবাদ হয় নাকি? ’ তিনি বলেন, শীতকাল আসার আগে সবজির দাম কমার সম্ভাবনা কম। যে সবজি আর গাছ নষ্ট হয়ে গেছে, সেগুলোর অভাব চট করে পূরণ করা যাবে না। শীতের মৌসুমে এলে নতুন শাকসবজির আগমনে এসবের দাম কমতে পারে।