দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) হঠাৎ লেনদেনের শীর্ষে উঠে এসেছে মিউচুয়াল ফান্ড খাত। গতকাল বৃহস্পতিবার হঠাৎ করে অন্য সব খাতকে পেছনে ফেলে এটি শীর্ষে ছিল। দিন শেষে ডিএসইর মোট লেনদেনের ২২ দশমিক ৩৬ শতাংশজুড়েই ছিল এ খাত। অথচ আগের কার্যদিবস বুধবারে এ খাতের লেনদেনের পরিমাণ ছিল ডিএসইর মোট লেনদেনের মাত্র পৌনে ৫ শতাংশ। সেই হিসাবে আগের কার্যদিবসের চেয়ে গতকাল এ খাতের লেনদেনের পরিমাণ প্রায় ১৭ শতাংশ বেড়েছে। যদিও এই দুই দিনে ডিএসইর মোট লেনদেনের পরিমাণ ছিল ভিন্ন। মিউচুয়াল ফান্ডের হঠাৎ এমন অবস্থানের কারণ সম্পর্কে জানতে চাইলে পুঁজিবাজার বিশ্লেষক ও বেসরকারি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিজনেস স্কুল অনুষদের অধ্যাপক মোহাম্মদ মূসা প্রথম আলোকে বলেন, ‘লেনদেন শুরুর আগে থেকেই বাজারে খবর ছিল, মিউচুয়াল ফান্ডের সংশোধিত বিধিমালাটি শিগগিরই নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন পেতে যাচ্ছে। এরই মধ্যে বিধিমালার সংশোধনী চূড়ান্ত করা হয়েছে। এটাই এদিন এ খাতের লেনদেন ও দর বৃদ্ধির প্রধান কারণ। এ খবরে লেনদেন শুরুর পরপরই কয়েকটি মিউচুয়াল ফান্ডের ইউনিটের দাম সর্বোচ্চ সীমা (সার্কিট ব্রেকার) স্পর্শ করে।’ সম্প্রতি মিউচুয়াল ফান্ড বিধিমালা সংশোধনের উদ্যোগ নেয় পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এই সংশোধনীতে মিউচুয়াল ফান্ডগুলোর জন্য বোনাস বা স্টক লভ্যাংশ ঘোষণার বিধান সংযোজন করা হয়েছে। সংশোধনীর ওপর ইতিমধ্যে জনমত সংগ্রহ করা হয়েছে। এসব মতামতের ভিত্তিতে সংশোধিত বিধিমালাটি বর্তমানে বিএসইসির চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে। ডিএসইতে এদিন লেনদেন হওয়া ৩৫টির মিউচুয়াল ফান্ডের সব কটিরই দাম বেড়েছে। ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকার সব কটিই ছিল মিউচুয়াল ফান্ড। এদিন লেনদেন হওয়া ৩৫টি মিউচুয়াল ফান্ডের সম্মিলিত লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৩৭ কোটি টাকা। লেনদেনের বড় অংশজুড়ে থাকলেও মিউচুয়াল ফান্ড খাতের দর বৃদ্ধির কোনো প্রভাবই ছিল না মূল্যসূচকে। কারণ, ডিএসইর সূচক গণনায় মিউচুয়াল ফান্ডকে হিসাবে ধরা হয় না।বাজারের সূচক বৃদ্ধিতে এদিন বড় ভূমিকা রেখেছে বিদ্যুৎ ও জ্বালানি খাতের কোম্পানিগুলো। এ খাতের লেনদেন হওয়া ১২টি কোম্পানির প্রতিটিরই দাম বেড়েছে। এর ফলে ডিএসইর সাধারণ সূচক বেড়েছে প্রায় শূন্য দশমিক ১৫ শতাংশ। মিউচুয়াল ফান্ড, বিদ্যুৎ ও জ্বালানি খাতের কোম্পানিগুলোর পাশাপাশি ঢাকার বাজারে লেনদেন হওয়া বেশির ভাগ প্রতিষ্ঠানেরই দাম বেড়েছে। ডিএসইতে গতকাল মোট ২৬৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ১৬১টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৭০টির আর অপরিবর্তিত ছিল ৩৫টির শেয়ারের দাম। এ ছাড়া দুই দিনের দরপতনের পর দুই স্টক এক্সচেঞ্জেই সূচক বেড়েছে। ঢাকার বাজারে সাধারণ সূচক আগের দিনের চেয়ে প্রায় ২২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে চার হাজার ১৬১ পয়েন্টে। দিন শেষে ঢাকার বাজারে লেনদেনের পরিমাণ ছিল প্রায় ১৬৫ কোটি টাকা, যা আগের কার্যদিবসের চেয়ে ৪৪ কোটি টাকা বেশি। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক আগের দিনের চেয়ে প্রায় ৫৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১২ হাজার ৭২৮ পয়েন্টে। চট্টগ্রামের বাজারে লেনদেনের পরিমাণ ছিল প্রায় ২৫ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে নয় কোটি টাকা বেশি।