হঠাৎই বাড়ছে পেঁয়াজের ঝাঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হঠাৎই বাড়ছে পেঁয়াজের ঝাঁজ
হঠাৎই বাড়ছে পেঁয়াজের ঝাঁজ

দেশের বাজারে নতুন পেঁয়াজ উঠেছে সবে এক মাস হলো। ভারত থেকে পেঁয়াজের আমদানিও ভালো। সব মিলিয়ে দেশে এই মুহূর্তে পেঁয়াজের কোনো সংকট নেই। এর পরও হঠাৎ বাড়তে শুরু করেছে পেঁয়াজের দাম। কেজিপ্রতি দাম বেড়েছে ১০ টাকা।
এক সপ্তাহ আগেও খুচরা বাজারে দেশি পেঁয়াজের কেজিপ্রতি দাম ছিল ৩০ থেকে ৩৮ টাকা। সেই পেঁয়াজ এখন বিক্রি হচ্ছে ৪০ থেকে ৪৫ টাকায়। সরকারি বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) হিসাব অনুযায়ী পণ্যটির দাম প্রতি কেজিতে বেড়েছে ৩৫ শতাংশ।
আর আমদানি করা পেঁয়াজ ২৫ থেকে ৩২ টাকায় বিক্রি হতো। এখন হচ্ছে ৩২ থেকে ৪০ টাকায়। এর দাম বেড়েছে ৩১ শতাংশ।
পেঁয়াজের খুচরা ও পাইকারি দাম বিশ্লেষণ করে দেখা গেছে, এক সপ্তাহে পাইকারি বাজারে দেশি পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে পাঁচ টাকা। তবে খুচরা বিক্রেতারা ক্রেতাদের কাছ থেকে নিচ্ছেন ১০ টাকা বেশি।
পাইকারি বাজারে পেঁয়াজের দাম কেন বাড়ল, এর কোনো সদুত্তর দিতে পারেননি ঢাকায় পেঁয়াজ-রসুন-আদার সবচেয়ে বড় পাইকারি মোকাম শ্যামবাজারের ব্যবসায়ী ও আড়তমালিকেরা। তবে একাধিক আড়তমালিক বলেছেন, এবার পেঁয়াজের উৎপাদন ভালো হলেও আসন্ন রোজা ও কোরবানির ঈদ সামনে রেখে পেঁয়াজের দাম বাড়তে পারে। সে কারণে আড়তমালিকেরা বিক্রি কমিয়ে দিয়ে মজুত বাড়াচ্ছেন। এমনকি অনেক চাষিও পেঁয়াজ মজুত করে রাখছেন।
বাণিজ্য মন্ত্রণালয়ের হিসাবমতে, দেশে বছরে এখন পেঁয়াজের চাহিদা ২০ থেকে ২২ লাখ টন। এর মধ্যে দেশে উৎপাদিত হয় ১৩ থেকে ১৪ লাখ টন। অবশ্য কৃষি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দেশে পেঁয়াজ উৎপাদিত হয় ১৮ লাখ টন। এ বছর ১৮ থেকে ১৯ লাখ টন পেঁয়াজ দেশে উৎপাদিত হতে পারে বলে আশা করছে মন্ত্রণালয়।
জানা যায়, বাজারে এখন যে দেশি পেঁয়াজটা পাওয়া যাচ্ছে, তার নাম হালি পেঁয়াজ। এটি এপ্রিলের শুরুতে বাজারে এসেছে। এই পেঁয়াজের উৎপাদন যেমন বেশি হয়, তেমনি বাজারেও পাওয়া যায় দীর্ঘ সময় ধরে। পরবর্তী পেঁয়াজ (মুড়িকাটা) বাজারে আসে ডিসেম্বরে। ওই সময় পর্যন্ত এই হালি পেঁয়াজ বাজারে থাকে।
গত মার্চের মাঝামাঝি থেকে শেষ পর্যন্ত বাজারে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হয় ৪৫ থেকে ৫০ টাকায়। কিন্তু এপ্রিলে হালি পেঁয়াজ ওঠার পরই এটি বিক্রি হতে থাকে ২৫ থেকে ৩০ টাকায়। মাস খানেক এই দামে বিক্রি হওয়ার পর গত সপ্তাহ থেকেই পেঁয়াজের দাম বাড়তে থাকে।
শ্যামবাজারে খোঁজ নিয়ে জানা যায়, গতকাল বুধবার প্রতি কেজি দেশি পেঁয়াজ ৩৪-৩৫ টাকায় বিক্রি হয়। এই পেঁয়াজ এক সপ্তাহ আগেও বিক্রি হয় ৩০-৩১ টাকায়। অন্যদিকে আমদানি করা পেঁয়াজ গতকাল বিক্রি হয়েছে ২৯-৩০ টাকা কেজি। এক সপ্তাহ আগেও একই দামে পাইকারি বাজারে পেঁয়াজ বিক্রি হয়।
দেশি পেঁয়াজের দাম কেন বাড়ছে জানতে চাইলে শ্যামবাজারের বড় আড়তমালিক রাজিব বাণিজ্য ভান্ডারের স্বত্বাধিকারী প্রদেশ পোদ্দার প্রথম আলোকে বলেন, ‘যারা শুধু দেশি পেঁয়াজ বিক্রি করে, তারা দেশি পেঁয়াজের মজুত করেছে। বেছে বেছে তারা ভালো পেঁয়াজটা প্রতি মণে কয়েক শ টাকা বেশি দিয়ে কিনেছে। এ কারণে দামটা বেড়েছে। আর দেশি পেঁয়াজের দাম বাড়ায় ভারতীয় পেঁয়াজের দামও বেড়েছে।’ তবে বাজারে এখন পেঁয়াজের কোনো সংকট নেই বলে তিনি উল্লেখ করেন।
একই রকম কথা জানান শ্যামবাজারের আরেক বড় আড়ত পপুলার বাণিজ্যালয়ের স্বত্বাধিকারী রতন সাহাও। তিনি বলেন, ‘রোজার ও কোরবানির ঈদের জন্য সামনে পেঁয়াজের দাম বাড়তে পারে, এটা চিন্তা করেই অনেকে পেঁয়াজ মজুত করেছে। সে কারণেই দাম বেড়েছে।’
শুধু যে দেশি পেঁয়াজ বাজারে প্রচুর তা নয়, সংকট নেই আমদানি করা পেঁয়াজেরও। বাংলাদেশ ট্যারিফ কমিশন থেকে পাওয়া তথ্য অনুযায়ী, গত জানুয়ারি থেকে এপ্রিল—এই চার মাসে দেশে ১ লাখ ৬৪ হাজার ৭২৫ টন পেঁয়াজ আমদানি হয়েছে। এর মধ্যে এপ্রিলের প্রথম ২১ দিনে আমদানি হয়েছে ২৫ হাজার ৯১৫ টন। আর মার্চে আমদানি হয় ৫২ হাজার ৯৮৫ টন পেঁয়াজ।
এত আমদানির পরও ভারতীয় পেঁয়াজের দাম বেড়ে যাওয়ার কোনো যৌক্তিক কারণ নেই বলে মন্তব্য করেছেন ট্যারিফ কমিশনের কর্মকর্তারা।