বেসরকারি সংস্থাগুলো (এনজিও) ক্ষুদ্রঋণ না দিলেও দেশের হতদরিদ্র মানুষের ২০ শতাংশ ভিন্ন উপায়ে বা কৌশলে ক্ষুদ্রঋণ নেয়। তবে তারা এই ঋণের ৬৭ শতাংশই ব্যয় করে অনুৎপাদনশীল খাতে, যা দারিদ্র্য বিমোচনে কোনো ভূমিকাই রাখে না।দেশের আটটি জেলায় খাদ্যনিরাপত্তা পরিস্থিতির ওপর পরিচালিত এক জরিপে এ তথ্য উঠে এসেছে। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) আর্থিক সহায়তায় বিশ্বখাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) এ জরিপ চালিয়েছে।রাজধানীর একটি কনভেনশন সেন্টারে সম্প্রতি অনুষ্ঠিত এক কর্মশালায় এ জরিপের তথ্য উপস্থাপন করা হয়। ডব্লিউএফপির প্রকল্প পরিচালক মাইকেল মারডিংক জরিপের এই ফলাফল উপস্থাপন করেন।জরিপ প্রতিবেদনে পরামর্শ দিয়ে বলা হয়, ক্ষুদ্রঋণের মাধ্যমে দারিদ্র্য বিমোচন সম্ভব নয়। এ লক্ষ্য অর্জন করতে হলে দরিদ্র ব্যক্তিদের সম্পদ দিতে হবে।জরিপের ফলাফলে দেখা যায়, ক্ষুদ্রঋণ নিয়ে ২৯ শতাংশ হতদরিদ্র ব্যক্তি চিকিৎসাবাবদ ভরচ করে এবং ১৭ শতাংশ দৈনন্দিন খাবার কেনে। এ ছাড়া ক্ষুদ্রঋণের ১৩ শতাংশ অর্থ ব্যয় হয় মৃতের সৎকার, বিয়ে ও বিবাহবিচ্ছেদের মতো পারিবারিক অনুষ্ঠান এবং সংকট মোকাবিলায়।হতদরিদ্র ব্যক্তিদের ১৪ শতাংশ গ্রামীণ ব্যাংক থেকে, সাত শতাংশ ব্র্যাক থেকে, ১২ শতাংশ অন্যান্য এনজিও থেকে এবং এক শতাংশ অন্যান্য সাধারণ ব্যাংক থেকে ঋণ নেয়। জরিপে উঠে আসা তথ্যে আরও দেখা গেছে, হতদরিদ্র ব্যক্তিদের ৫০ থেকে ৭৫ শতাংশই ঋণগ্রস্ত, যাদের মধ্যে ৫০ থেকে ৬০ শতাংশ স্থানীয় দোকানের কাছে ঋণী।এ ছাড়া বন্ধু ও আত্মীয়স্বজনের কাছ থেকে ঋণ নেয় ৬০ শতাংশ হতদরিদ্র মানুষ। দাদনের ঋণ নেয় ১০ শতাংশ।ইইউ ও বেশ কয়েকটি সহযোগী উন্নয়ন সংস্থার আর্থিক সহায়তায় ফুড সিকিউরিটি আল্ট্রা পুওর প্রোগ্রাম (এফএসইউপি) শীর্ষক প্রকল্পের আওতায় জরিপটি পরিচালনা করা হয়েছে। ডব্লিউএফপি, ইসলামিক রিলিফ ওয়ার্ল্ড ওয়াইড, ইকো, কেয়ারসহ ১৫টি জাতীয় এনজিও ২০০৯ সাল থেকে প্রায় ৪৫০ কোটি টাকা ব্যয়ের এ প্রকল্পটি বাস্তবায়ন করছে।এদিকে কর্মশালায় বক্তব্য দিতে গিয়ে ইইউর ভারপ্রাপ্ত হেড অব কো-অপারেশন জর্জ নিয়েটো রে বলেন, বাংলাদেশের আটটি দুর্যোগপ্রবণ জেলা রংপুর, গাইবান্ধা, বগুড়া, সিরাজগঞ্জ, পাবনা, নেত্রকোনা, সুনামগঞ্জ ও কিশোরগঞ্জে প্রকল্পটি চলছে। এর আওতায় ২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত মোট এক লাখ ৩৫ হাজার হতদরিদ্র পরিবারকে সম্পদ ও আর্থিক সহায়তা দেওয়া হবে।