হতাশ মোবাইল ফোন অপারেটর ও আমদানিকারকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজস্ব প্রতিবেদকমোবাইল ফোন অপারেটরদের সংগঠন অ্যামটব এবং মোবাইল ফোন ইম্পোর্টার্স অ্যাসেসিয়েশন বাজেট নিয়ে হতাশা ব্যক্ত করেছে। বাজেটে তাদের দাবির প্রতিফলন না থাকায় মোবাইলফোনের গ্রাহক বৃদ্ধি থমকে যাবে বলে তাঁরা আশঙ্কা করেছেন। অর্থমন্ত্রী বাজেট বক্তৃতায় বলেছেন, ‘সরকারের প্রচেষ্টায় টেলিঘনত্ব বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে দেশে টেলিঘনত্ব প্রতি ১০০ জনে ৩৮ জনে উন্নীত হয়েছে। ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা প্রতি ১০০ জনে ছয়জন।’অ্যামটব সভাপতি জাকিউল ইসলাম বলেন, ‘আমরা আসলেই হতাশ। এ বাজেটে সরকার যদি সিম ট্যাক্স তুলে নিত, তাহলে সংযোগপ্রতি যে পরিমাণ টাকা আমরা ভর্তুকি দিচ্ছি, তা গ্রামাঞ্চলে নেটওয়ার্ক বৃদ্ধি, গুণগতভাবে আরও ভালো সেবা ও নতুন প্রযুক্তি সূচনা করার কাজে ব্যবহার করতে পারতাম।’ তিনি বলেন, বাজারে ছয়টি অপারেটর। স্বাভাবিকভাবে প্রতিযোগিতায় টিকে থাকতে কোনো না কোনো কোম্পানিকে সিম ট্যাক্সে ভতুর্কি দিতেই হবে। জাকিউল ইসলাম বলেন, সিম ট্যাক্স টেলিঘনত্বকে প্রভাবিত করে। বর্তমানে যে টেলিঘনত্ব রয়েছে, তাও কোম্পানিগুলোর ভর্ভুকির কারণে। এতে করে বাংলাদেশের টেলিকম বাজারে বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে একটা নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে তিনি মনে করেন।সিটিসেলের প্রধান নির্বাহী কর্মকর্তা মাইকেল কোয়েনার প্রথম আলোকে বলেন, বাজেটে টেলিযোগাযোগ খাতের মূল সমস্যা সিম ট্যাক্স পরিবর্তন না করায় আমরা হতাশ। এটা ডিজিটাল বাংলাদেশ অর্জনের পথে বিশাল বাধা। একই সঙ্গে বাংলাদেশের টেলিঘনত্বেও এর নেতিবাচক প্রভাব পড়বে। আর এটা ইতিমধ্যেই প্রমাণিত যে গ্রাহক বৃদ্ধির হার, দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলে। বিশ্বের অন্যতম মোবাইল ফোনসেট নির্মাতা ও সরবরাহকারী প্রতিষ্ঠান নকিয়ার ইমার্জিং এশিয়ার বিপণন বিভাগের প্রধান নওফেল আনোয়ার বলেন, ‘সরকার যেহেতু বলছে প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়বে, তাই আমাদের আশা ছিল সরকার হ্যান্ডসেটের ওপর ট্যাক্স কমাবেন। কিন্তু বাজেটে এর কোনো পদক্ষেপ না থাকা আমাদের হতাশ করেছে।’ এতে করে বাজারে নকল ও ত্রুটিপূর্ণ হ্যান্ডসেটের পরিমাণ আরও বাড়বে বলে তিনি আশঙ্কা করেন।