রিহ্যাবের গ্রীষ্মকালীন আবাসন মেলার পর্দা নামবে আজ
হতাশার মাঝেও শেষ দিনের আশায় আবাসন ব্যবসায়ীরা

সকাল থেকে আকাশের গোমড়া মুখ। তারপর লম্বা সময় ধরে তুমুল ঝড়-বৃষ্টি। মেলা প্রাঙ্গণে ও বাইরের সাজসজ্জা বৃষ্টিতে লন্ডভন্ড। তাই দিনের প্রথমার্ধে ক্রেতা-দর্শনার্থীর দেখাই মিলল না। দুপুরের পর ক্রেতা-দর্শনার্থীর আনাগোনা কিছুটা বাড়তে থাকে, তবে সেটিও ছিল একেবারেই কম।
রাজধানীর শেরেবাংলা নগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে রিহ্যাবের গ্রীষ্মকালীন আবাসন মেলার তৃতীয় দিন গতকাল বৃহস্পতিবার এই ছিল অবস্থা। ফলে স্বাভাবিকভাবেই হতাশ হয়েছেন মেলায় অংশ নেওয়া আবাসন ব্যবসায়ীরা। তবে তাঁদের প্রত্যাশা, আবহাওয়া ভালো থাকলে মেলার শেষ দিন আজ শুক্রবার ক্রেতা-দর্শনার্থীরা ভিড় করবেন। এক দিনের জন্য হলেও জমে উঠবে মেলা প্রাঙ্গণ।
গতকাল বেলা তিনটার দিকে গিয়ে দেখা গেল, অল্পসংখ্যক ক্রেতা-দর্শনার্থী মেলার কিছু স্টলে ফ্ল্যাটের খোঁজখবর নিচ্ছেন। অনেক স্টল খালি।
রিহ্যাবের এক কর্মকর্তা জানালেন, প্রথম দুই দিনে মাত্র ১ হাজার ২০০ ক্রেতা-দর্শনার্থী টিকিট কেটে মেলায় প্রবেশ করেছেন। অথচ গত ডিসেম্বরে শীতকালীন মেলার প্রথম দুই দিনে কয়েক হাজার মানুষ এসেছিলেন।
দেশের আবাসন খাতের শীর্ষ প্রতিষ্ঠানগুলোর একটি কনকর্ড। প্রতিষ্ঠানটি রাজধানীর বিভিন্ন এলাকায় ৩৫ প্রকল্পের প্রায় ২০০ ফ্ল্যাট মেলায় বিক্রির জন্য প্রদর্শন করছে। এ ছাড়া খিলক্ষেতে লেকসিটি কনকর্ডের ১৩০টি ফ্ল্যাট বিক্রির জন্য নিয়ে এসেছে তারা। এখানকার ফ্ল্যাটের আকার ৫৯০ থেকে ১ হাজার ৪০১ বর্গফুট। দাম ৪ হাজার ৩০০ থেকে ৫ হাজার ৮০০ টাকা প্রতি বর্গফুট।
জানতে চাইলে কনকর্ডের সহকারী ব্যবস্থাপক এ কে এম খালিদ শাহীন প্রথম আলোকে বলেন, ‘কোনো ফ্ল্যাট বিক্রির বুকিং পাওয়া যায়নি। কারণ প্রত্যাশা অনুযায়ী ক্রেতা-দর্শনার্থীই আসছেন না। এখন পর্যন্ত মাত্র ৬০-৬৫ জন ক্রেতার নাম নিবন্ধন হয়েছে। পরে তাঁদের সঙ্গে যোগাযোগ করা হবে।’
আমিন মোহাম্মদ ফাউন্ডেশন ধানমন্ডি, গুলশান, বারিধারা, নিকেতন, সিদ্ধেশ্বরী ও মিরপুর এলাকার ২৫ প্রকল্পের ২০০-এর বেশি ফ্ল্যাট বিক্রির জন্য নিয়ে এসেছে। ১ হাজার ২০০ থেকে ৫ হাজার বর্গফুট আয়তনের এসব ফ্ল্যাটের দাম সাড়ে ৫ হাজার থেকে ৩২ হাজার টাকা। এর বাইরে মিরপুরে ১ হাজার ২০০ থেকে দেড় হাজার বর্গফুটের ২৫ এবং পশ্চিম ধানমন্ডিতে ১ হাজার ৫০ থেকে ১ হাজার ২৫০ বর্গফুটের ৭০০টি ফ্ল্যাট কিস্তিতে বিক্রি করছে এ প্রতিষ্ঠান।
এ বিষয়ে প্রতিষ্ঠানের সহকারী মহাব্যবস্থাপক জসিম উদ্দীন জানান, পশ্চিম ধানমন্ডির ফ্ল্যাটগুলোর প্রতি বর্গফুটের দাম ছয় হাজার টাকা। মাসে ৪৫ হাজার করে ৭ বছরের কিস্তিতে এসব ফ্ল্যাট কেনা যাবে। অন্যদিকে মিরপুরের ফ্ল্যাটের প্রতি বর্গফুটের দাম সাড়ে ৫ হাজার টাকা। এসব ফ্ল্যাট মাসে ৮০ হাজার করে চার বছরের কিস্তিতে কেনা যাবে। উভয় ক্ষেত্রেই ফ্ল্যাটের মোট মূল্যের ১০ শতাংশ পরিমাণ অর্থ ডাউন পেমেন্ট হিসেবে দিতে হবে।
‘এককালীন ২৫ লাখ টাকায় ফ্ল্যাটের চাবি’। র্যাংগস প্রোপার্টিজের এমন বিজ্ঞাপনে অনেক ক্রেতাই আগ্রহ নিয়ে ঢুঁ মেরেছেন প্রতিষ্ঠানটির স্টলে। বিষয়টি হচ্ছে, এককালীন ২৫ লাখ টাকা দিলে ক্রেতাকে ফ্ল্যাট বুঝিয়ে দেবে তারা। বাকি টাকা কিস্তিতে পরিশোধ করতে হবে, সময় ১০ বছর। উত্তরার ১০ নম্বর সেক্টরে একটি প্রকল্পের ৮০টি ফ্ল্যাটে এই সুযোগ। ১ হাজার ২৩৬ থেকে ১ হাজার ৪০০ বর্গফুট আয়তনের এসব ফ্ল্যাটের প্রতি বর্গফুটের দাম সাড়ে পাঁচ হাজার টাকা।
এমন চটকদার বিজ্ঞাপনে ক্রেতারা বিভ্রান্ত হবেন কি না, জানতে চাইলে প্রতিষ্ঠানের উপমহাব্যবস্থাপক রহমান শাহদাৎ বললেন, না, বিভ্রান্ত হওয়ার সুযোগ নেই। কারণ কোনো প্রতিষ্ঠানই পুরো টাকা বুঝে না পেলে ফ্ল্যাট বুঝিয়ে দেন না।
আজ রাত সাড়ে নয়টা পর্যন্ত ক্রেতা-দর্শনার্থীদের জন্য মেলা উন্মুক্ত থাকবে। দর্শনার্থীদের প্রবেশের জন্য ৫০ ও ১০০ টাকার দুই ধরনের টিকিট থাকছে। ১০০ টাকার টিকিটে চারবার প্রবেশ করা যাবে।