হরতাল-অবরোধ করে লাভ নেই: তোফায়েল
বিএনপিকে হরতাল-অবরোধ না করার আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেছেন, ‘সাবেক বিরোধীদলীয় নেত্রী ঘোষণা দিয়েছেন, ঈদের পর হরতাল-অবরোধ করবেন। কিন্তু এগুলো করে লাভ নেই। এতে দেশের ক্ষতি হয়, ব্যবসায়ীরা লোকসানের মুখে পড়েন।’
বর্তমানে দেশে বিনিয়োগ আসছে, উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘দেশে নতুন নতুন বিনিয়োগ আসছে। তাদের (বিএনপি) উচিত হরতাল-অবরোধ না করে এ ক্ষেত্রে সহযোগিতা করা।’
রাজধানীর কারওয়ান বাজারে বিজিএমইএ কার্যালয়ে আজ সোমবার সাংবাদিকদের ফেলোশিপ পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এসব কথা বলেন।
পোশাক কারখানা মালিকদের সংগঠন বিজিএমইএ ও বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (বিইউএফটি) যৌথভাবে প্রথমবারের মতো এই ফেলোশিপ দিচ্ছে।
ছয়টি ক্যাটাগরিতে ফেলোশিপ পাওয়া সাংবাদিকেরা হলেন—দৈনিক কালের কণ্ঠের জ্যেষ্ঠ প্রতিবেদক রাজীব আহমেদ, ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের নিজস্ব প্রতিবেদক মনিরা মুন্নি, চ্যানেল একাত্তরের প্রতিবেদক জাহিদুল ইসলাম মজুমদার, নতুন বার্তাডটকমের নির্বাহী সম্পাদক ইকরাম কবির, বগুড়া থেকে প্রকাশিত দৈনিক সাতমাথার প্রতিবেদক এফ শাহজাহান ও দৈনিক সিলেট সুরামার প্রধান প্রতিবেদক শাহ সোহেল আহমেদ। ফেলোশিপ বাবদ প্রত্যেককে এক লাখ টাকার চেক তুলে দেন বাণিজ্যমন্ত্রী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, বিজিএমইএর সভাপতি আতিকুল ইসলাম, সহসভাপতি এস এম মান্নান, শহিদউল্লাহ আজিম ও রিয়াজ-বিন মাহমুদ, বিইউএফটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মোজাফফর হোসেন চৌধুরী। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন ফেলোশিপের তিন পরামর্শক সাংবাদিক জগলুল আহমদ চৌধূরী, শ্যামল দত্ত ও মনজুরুল আহসান বুলবুল।