হরতাল-অবরোধে নাটোরের চামড়া মোকামে বিপর্যয়

উৎকট গন্ধের মধ্যে ছোট ছোট চেয়ার-টেবিলে বসে কলম হাতে হিসাব কষে যাচ্ছেন আড়তদারেরা। পেছনে থরে থরে সাজানো রয়েছে হাজার হাজার পিস গরু-ছাগলের কাঁচা চামড়া। মশা-মাছির ভোঁ ভোঁ শব্দের মধ্যে সদ্য নিয়ে আসা কাঁচা চামড়ার গায়ে লবণ লাগাচ্ছেন শ্রমিকেরা। কারও মুখে হাসি নেই, কথাও বলছেন গুনে গুনে। কনকনে ঠান্ডার মধ্যেও তাঁদের কপালে বিন্দু বিন্দু ঘাম।
দেশের দ্বিতীয় বৃহত্তম চামড়া মোকামের এটা চিরচেনা দৃশ্য নয়। কেন এমন হলো?
জানতে চাইলে মোহাম্মদ হাবিবুল্লাহ নামের এক প্রবীণ আড়তদার বলেন, ‘আমার ব্যবসায়িক জীবনে এমন খারাপ সময় আর আসেনি। কোরবানির মৌসুম হওয়ায় গত কয়েক মাসে এখানকার ২৫২টি আড়তে প্রায় ৮০০ কোটি টাকার চামড়া কেনা হয়েছে। কিন্তু হরতাল-অবরোধের কারণে এখনো সব চামড়া ঢাকায় পাঠানো যায়নি।’
হাবিবুল্লাহ জানান, অবরোধের ফাঁকে ফাঁকে এ পর্যন্ত বেশির ভাগ চামড়া ঢাকায় পৌঁছানো গেলেও এখনো ৫০ কোটি টাকার প্রায় দুই লাখ পিস চামড়া আড়তে জমা আছে। দীর্ঘদিন পড়ে থাকায় এসব চামড়ার গুণগত মান কমে আসছে। তাই এসব চামড়ার দামও কম পাওয়া যাবে।
হাবিবুল্লাহ আরও জানান, এখানকার অর্থাৎ নাটোরে মোকামে উত্তর ও দক্ষিণ বঙ্গের ২৪টি জেলার পশুর চামড়া আসে বিক্রির জন্য। আড়তদারেরা এসব চামড়া কিনে লবণ লাগিয়ে ঢাকার ট্যানারিগুলোতে বিক্রির জন্য পাঠিয়ে থাকেন।
নাটোর চামড়া ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সায়দার খান বলেন, ‘এবার আমাদের লাভের গুড় পিঁপড়ায় খেয়েছে। অন্য সময় নাটোর থেকে ঢাকার ট্রাকভাড়া ১৫ থেকে ২০ হাজার টাকার মধ্যে থাকে। কিন্তু হরতাল-অবরোধের ফাঁকে প্রতি গাড়ির ভাড়া ৩৫ থেকে ৪০ হাজার টাকা দাঁড়িয়েছে। অথচ ঢাকার বাজারে চামড়ার দাম এক পয়সাও বাড়েনি। তাই কোনো লাভ হচ্ছে না। অনেকেই পুঁজি হারাচ্ছেন।’
জানা গেছে, সপ্তাহের বৃহস্পতিবার থেকে রোববার এখানকার হাটবার। উত্তর ও দক্ষিণের ২৪টি জেলা থেকে বিক্রেতারা এই চার দিন চামড়া নিয়ে আসেন। এ সময় চামড়া বেচাকেনা নিয়ে বিক্রেতা, ফড়িয়া, আড়তদার ও শ্রমিকেরা মিলে প্রায় ২০ হাজার মানুষ ব্যস্ত থাকেন। পরিবহনের ভাড়ার বাড়তি চাপ সবার উপার্জনের ওপর প্রভাব ফেলেছে।
গত বৃহস্পতিবার পঞ্চগড় থেকে আগত চামড়া বিক্রেতা সাব্বির আহম্মেদ বলেন, ‘এখানে চামড়া নিয়ে আসতে আমাদেরও অনেক বেশি খরচ পড়ে যাচ্ছে। কিন্তু কী করব? চামড়া তো ঘরে আটকে রাখা যাচ্ছে না। আবার দামও তো বেঁধে দেওয়া আছে। কম-বেশি করার সুযোগ কারও নেই। আমরা নগদ টাকা দিয়ে গাড়িভাড়া পরিশোধ করছি। অথচ ঢাকায় চামড়া পাঠাতে না পারায় মোকাম থেকে আমাদের চামড়ার দাম পরিশোধ করছে না।’
নাটোর দালাল অফিসের ট্রাকচালক আলতাফ হোসেন বলেন, ‘হরতাল-অবরোধ না থাকলে প্রতিদিন অন্তত ৩০ ট্রাক চামড়া লোড হতো। আমরা সব সময় ব্যস্ত থাকতাম। এখন তো বসে আছি। অবরোধ ছুটলে বেশি ভাড়া নিয়ে লোকসান কাটাতে হয়। মালিকেরা ব্যাংক থেকে কোটি কোটি টাকা ঋণ নিয়েছেন। বাড়তি টাকা না পেলে তাঁরা শোধ করবেন কী করে?’
নাটোর চামড়া ব্যবসায়ী সমিতির সভাপতি মখছেদ আলী বলেন, ‘দেশে চা, পাট, তুলা, আখ ও রেশমের জন্য সরকারের আলাদা বোর্ড, সংস্থা ও পৃথক মন্ত্রণালয় রয়েছে। এসব খাতে কোনো সমস্যা হলে তারা সরকারের সঙ্গে আলোচনা করে সমাধান করে। কিন্তু চামড়া দেশের অন্যতম রপ্তানি খাত হলেও এ খাতের জন্য বিশেষায়িত প্রতিষ্ঠান নেই। আমরা এ ধরনের প্রতিষ্ঠান প্রতিষ্ঠার দাবি করছি। একই সঙ্গে বিরোধী দলকে চামড়া পরিবহনকে হরতালের আওতামুক্ত রাখার অনুরোধ করছি।’