হরতাল, অবরোধে বিঘ্নিত এডিপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এডিপি বাস্তবায়ন (জুলাই-ডিসেম্বর; কোটি টাকায়)
এডিপি বাস্তবায়ন (জুলাই-ডিসেম্বর; কোটি টাকায়)

চলতি অর্থবছরের প্রথমার্ধের রাজনৈতিক অস্থিরতা ও হরতাল-অবরোধে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) মাঠপর্যায়ে বাস্তবায়ন বাধাগ্রস্ত হয়েছে। কাজের গতি ছিল অনেক কম। বিশেষত দ্বিতীয় প্রান্তিকে শুষ্ক মৌসুমে কাজের গতি বেশি থাকার কথা ছিল।
ফলে চলতি ২০১৩-১৪ অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) এডিপির মাত্র ২৭ শতাংশ বাস্তবায়ন হয়েছে, যা গত পাঁচ অর্থবছরের মধ্যে সর্বনিম্ন। এমনিতেই নির্বাচনী বছরে এডিপির বাস্তবায়ন কম হবে বলে ধারণা করা হয়েছিল।
পরিকল্পনা কমিশনের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) সর্বশেষ প্রতিবেদনে দেখা গেছে, চলতি অর্থবছরের জুলাই-ডিসেম্বর সময়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগগুলো ১৮ হাজার ৮৭ কোটি টাকা খরচ করতে পেরেছে। চলতি এডিপির আকার ৭৩ হাজার ৯৮৪ কোটি টাকা। এর মধ্যে পরিকল্পনা কমিশনের তদারকিতে ৬৫ হাজার ৮৭২ কোটি টাকার প্রকল্প রয়েছে।
আলোচ্য সময়ে বিদেশি সহায়তার অর্থ ব্যবহারে পরিস্থিতি খুব একটা উন্নতি হয়নি। টাকার অঙ্কে বাড়লেও বরাদ্দের মাত্র ২৪ শতাংশ খরচ করা সম্ভব হয়েছে। মোট পাঁচ হাজার ৮১২ কোটি টাকা খরচ হয়েছে। আগের বছর একই সময়ে ২৭ শতাংশ খরচ হয়েছিল। আর চলতি এডিপিতে দেশজ উৎসের ৩০ শতাংশ বা ১২ হাজার ২৭৫ কোটি টাকা খরচ হয়েছে।
পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের (জিইডি) সদস্য শামসুল আলম এ প্রসঙ্গে প্রথম আলোকে জানান, ‘মূলত রাজনৈতিক সহিংসতার কারণে কর্মদিবস ঠিকমতো ব্যবহার করা সম্ভব হয়নি। তাই এডিপির বাস্তবায়নের হার অর্থবছরের প্রথমার্ধে কিছুটা কমেছে।’ প্রধানমন্ত্রী জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সর্বশেষ সভায় এই ক্ষতি পুষিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন বলেও তিনি জানান।

চলতি অর্থবছরের শুরু থেকেই প্রতি মাসেই বিরোধদলীয় রাজনৈতিক জোট হরতাল ও অবরোধের মতো কর্মসূচি দেয়। আর গত নভেম্বরের শেষ সপ্তাহে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই মূলত টানা হরতাল ও অবরোধ চলে। এই টানা হরতাল ও অবরোধ শেষ হয় জানুয়ারির প্রথম সপ্তাহে। এ অবস্থায় ডিসেম্বর মাসে এডিপির মাত্র ৭ শতাংশ বাস্তবায়ন হয়েছে। এই সময়ে মাঠপর্যায়ে তুলনামূলক কাজ কম হয়েছে।

এদিকে এডিপি বাস্তবায়ন সন্তোষজনক না হওয়ায় অতীতের মতো এবারও বরাদ্দ কাটছাঁট করা হচ্ছে। আগামী সপ্তাহে সম্পদ কমিটির বৈঠকে সংশোধিত এডিপির আকার চূড়ান্ত করা হবে বলে জানা গেছে। এতে মূল এডিপি কমতে পারে আট থেকে দশ হাজার কোটি টাকা।

খাতওয়ারি বিশ্লেষণ: অর্থবছরের অর্ধেক পেরিয়ে গেলেও পররাষ্ট্র মন্ত্রণালয় ও দুর্নীতি দমন কমিশন (দুদক) কোনো অর্থ খরচ করতে পারেনি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের ২৪ কোটি টাকার তিনটি প্রকল্প এবং দুদকের এক কোটি ২০ লাখ টাকার একটি প্রকল্প রয়েছে। আর থোক বরাদ্দের কোনো অর্থ খরচ হয়নি।

সেতু বিভাগের অধীনে তিনটি প্রকল্পে ছয় হাজার ৮৮৮ কোটি টাকা বরাদ্দ থাকলেও বাস্তবায়ন মাত্র তিন শতাংশ। বরাদ্দ ও খরচের সিংহভাগই বহুল আলোচিত পদ্মা সেতু প্রকল্পে। এই বিভাগটি মাত্র ২১০ কোটি ২৬ লাখ টাকা খরচ করেছে।

অর্থবছরের প্রথম ছয় মাসে ১৪টি মন্ত্রণালয় ও বিভাগ তাদের বরাদ্দের ২০ শতাংশ কম অর্থ খরচ করেছে। মন্ত্রণালয় ও বিভাগগুলো হলো: শ্রম ও প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ, সমাজকল্যাণ মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, আইএমইডি, শিল্প, পাবর্ত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়, পরিকল্পনা বিভাগ, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি), নির্বাচন কমিশন সচিবালয়, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়, জনপ্রশাসন, আইন ও সংসদবিষয়ক বিভাগ।

শীর্ষ ১০ মন্ত্রণালয় ও বিভাগের অনুকূলে এডিপির মোট ৭৪ শতাংশ অর্থ বরাদ্দ রয়েছে। প্রথম ছয় মাসে এই ১০টি মন্ত্রণালয় মাত্র ২৬ শতাংশ বা ১৪ হাজার ৩৭৯ কোটি টাকা খরচ করেছে।