হরতাল-অবরোধে মিল্ক ভিটার বিক্রি কমেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের বৃহত্তম দুগ্ধ উত্পাদনকারী প্রতিষ্ঠান মিল্ক ভিটার তরল দুধ বিক্রি গত ডিসেম্বরে বেশ কমেছে। টানা হরতাল-অবরোধের কারণে প্রতিষ্ঠানটির দুধ বিক্রিতে এই ধস বলে মনে করছেন মিল্ক ভিটা-সংশ্লিষ্টরা। আজ মঙ্গলবার মিল্ক ভিটা সূত্রে এ তথ্য জানা যায়।

মিল্ক ভিটা সূত্র জানায়, গত ডিসেম্বরে মিল্ক ভিটা প্রায় ১৬ কোটি টাকার তরল দুধ বিক্রি করেছে। ২০১২ সালের ডিসেম্বরে প্রতিষ্ঠানের তরল দুধ বিক্রির আর্থিক পরিমাণ ছিল প্রায় ২৫ কোটি টাকা। এই হিসাবে এই মাসেই বিক্রি প্রায় আট কোটি টাকা কম হয়েছে মিল্ক ভিটার দুধ। তরল দুধের পাশাপাশি অন্য পণ্য বিক্রিও কমেছে বলে জানায় মিল্ক ভিটা।

এ বিষয়ে মিল্ক ভিটার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী জানান, ‘ডিসেম্বরে ২১ দিন অবরোধ ও হরতাল কর্মসূচি থাকায় দুধ বিক্রিতে এই ধস নেমেছে। এর মধ্যেও ঝুঁকি নিয়ে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে মিল্ক ভিটার ট্যাঙ্কারে দুধ পরিবহন করে গ্রাহকের দুয়ারে পৌঁছানো হচ্ছে। মিল্ক ভিটা সমবায়ী ও সাধারণ ভোক্তাদের স্বার্থের কথা বিবেচনা করে প্রতিকূল পরিবেশের মধ্যেও দুগ্ধ উত্পাদন ও সরবরাহ অব্যাহত রেখেছে।’