হরতাল-অবরোধে শিল্পে ধস, বাতিল হচ্ছে রপ্তানি আদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই মাস ধরে চলতে থাকা হরতাল-অবরোধে সৈয়দপুরে ক্ষুদ্র তৈরি পোশাকশিল্পে ধস নেমেছে। এরই মধ্যে প্রায় দুই কোটি টাকার রপ্তানি আদেশ বাতিল হয়েছে। আর এ শিল্পে নিয়োজিত পাঁচ হাজার শ্রমিক বেকার হয়ে পড়েছেন।
ঝুট থেকে পোশাক তৈরির সঙ্গে জড়িত উদ্যোক্তাদের সঙ্গে আলাপ করে এমন চিত্রই পাওয়া গেছে।
সৈয়দপুরের রপ্তানিমুখী ক্ষুদ্র গার্মেন্টস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান প্রথম আলোকে বলেন, শুধু পরিবহন সংকটের কারণেই ভারতের আসামে তিন হাজার ডলারের ঋণপত্রের (এলসি) বিপরীতে শীতের পোশাক (জ্যাকেট) পাঠানো যাচ্ছে না। এক মাস ধরে সেসব রপ্তানিপণ্য গুদামে পড়ে আছে। এর আগে ভারতের শিলিগুড়িতে ১৭ হাজার ডলারের জ্যাকেটের রপ্তানির আদেশ বাতিল হয়েছে বলেও জানান তিনি।
ঝুট কাপড় থেকে পোশাক তৈরি করে নিজের ভাগ্য পরিবর্তন করেছে নীলফামারীর সৈয়দপুরের অন্তত ৫০০ পরিবার। প্রতিটি পরিবারই গড়ে তুলেছে একটি করে ক্ষুদ্র পোশাক কারখানা। তবে টানা হরতাল-অবরোধে এসব কারখানা এখন বন্ধের উপক্রম। বেশির ভাগ কারখানার মালিকই এখন উৎপাদন বন্ধ রেখেছেন।
সৈয়দপুরের পৌর এলাকার মুন্সীপাড়া, নয়াটোলা, হাতিখানা, মিস্ত্রিপাড়া, নতুন বাবুপাড়া, পুরাতন বাবুপাড়া, গোলাহাট, রাবেয়া মোড়, ঘোড়াঘাট, বোতলাগাড়ী, বাঁশবাড়ী, নিয়ামতপুরমহ আটকে পড়া পাকিস্তানিদের একটি বড় অংশের ঘরে ঘরেই গড়ে উঠেছে এসব ক্ষুদ্র পোশাক কারখানা। সর্বনিম্ন দুটি থেকে সর্বোচ্চ ৪৫টি মেশিনও আছে এসব কারখানায়।
সৈয়দপুরের কারখানাগুলোতে তৈরি হয় ট্রাউজার, শর্টস (হাফ প্যান্ট), জ্যাকেট, টি-শার্ট, জিনসের প্যান্টসহ নানা ধরনের পোশাক। স্থানীয় বাজারে সরবরাহের পাশাপাশি এসব পোশাক রপ্তানি হয় ভারত, ভুটান ও নেপালে।
তবে রপ্তানি নিয়ে এখন পোশাকমালিকের মধ্যে চলছে হাহাকার। পোশাক কারখানার মালিক হামিদুর রহমানের কারখানায় প্রচুর জ্যাকেট পড়ে আছে। রপ্তানি আদেশ পেয়েই এসব জ্যাকেট প্রস্তুত করা হয়েছিল। কিন্তু অবরোধ-হরতালে এগুলো আর রপ্তানি করা যায়নি।
হামিদুর রহমান বলেন, এরই মধ্যে প্রায় দুই কোটি টাকার রপ্তানি আদেশ বাতিল হয়ে গেছে।
সৈয়দপুরের পোশাক রপ্তানির চিত্র খানিকটা ভিন্ন। এখানকার বেশির ভাগ ব্যবসায়ী এতই ক্ষুদ্র যে তাঁদের প্রত্যেকের রপ্তানির লাইসেন্স নেই। আবার ঋণপত্রে উল্লিখিত পরিমাণ পোশাক একটি কারখানার পক্ষে সরবরাহ করা সম্ভব না। সে কারণে একটি ঋণপত্রের বিপরীতে অনেকগুলো ক্ষুদ্র কারখানায় উৎপাদিত পোশাক সম্মিলিতভাবে রপ্তানি করা হয়।
রপ্তানি বন্ধ থাকায় সৈয়দপুরের ক্ষুদ্র পোশাক খাতের উদ্যোক্তারা এখন চরম সংকটে পড়েছেন। অনেক উদ্যোক্তাকেই ব্যাংকঋণের বোঝা বইতে হচ্ছে। এ অবস্থা থেকে উত্তরণে এ খাতে এখন প্রণোদনা চাইছেন তাঁরা। উদ্যোক্তারা বলছেন, তা না হলে তাঁরাও সাদা পতাকা হাতে হরতাল-অবরোধ প্রতিরোধ আন্দোলনে ঝাঁপিয়ে পড়বেন।
সৈয়দপুর ফোর সার্কেল সোয়েটার কারখানার স্বত্বাধিকারী এম কে আনোয়ার জানান, হরতাল-অবরোধের কারণে ঢাকা থেকে উলেন সুতা আনা সম্ভব হচ্ছে না। ফলে এখানকার নিট পোশাক কারখানাগুলো এখন বন্ধ রয়েছে।