হরতাল-অবরোধেও সচল বন্দর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হরতাল-অবরোধেও সচল বন্দর
হরতাল-অবরোধেও সচল বন্দর

রাজনৈতিক কর্মসূচির ডাকে ২০০৬ সালের ২৯ অক্টোবর এক দিন অচল হয়ে পড়েছিল চট্টগ্রাম বন্দর। এরপর সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব নেওয়ার আগে অসংখ্য বার অচল ছিল বন্দর, সচল ছিল থেমে থেমে।
সেই সময়ের চেয়ে এবার অনেক বেশি টানা হরতাল-অবরোধের পরও এখন পর্যন্ত এক ঘণ্টার জন্যও অচল হয়নি বন্দর। এর নেপথ্যে কাজ করেছে ২০০৭ সালের তত্ত্বাবধায়ক সরকারের প্রাতিষ্ঠানিক সংস্কার পদক্ষেপ।
তবে সংস্কার কর্মসূচি ছাড়াও সেই সময়ের অনেক পদক্ষেপই এখন পর্যন্ত বাস্তবায়ন করা হয়নি। সেগুলো বাস্তবায়িত হলে হরতাল-অবরোধেও ব্যবহারকারীরা আরও সুফল পেতেন। বন্দরে সেবার মানও বাড়ত বলে মনে করেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
সেই সময়ের তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান মনে করেন, ২০০৭-০৮ সময়ে বন্দরের সংস্কার কর্মসূচির সুফল এখনো পাচ্ছে চট্টগ্রাম বন্দর। তবে এতটুকুতে সন্তুষ্ট হওয়ার প্রয়োজন নেই। কারণ, সংস্কার কর্মসূচির ধারাবাহিকতা বজায় রেখে বন্দরে বাড়তি কোনো উদ্যোগ নেওয়া হয়নি। যেমন, ২০০৮ সালে এনসিটি টার্মিনাল বেসরকারি খাতে পরিচালনার প্রক্রিয়া শুরু হলেও এখনো বাস্তবায়িত হয়নি।
হোসেন জিল্লুর বলেন, ‘সবার আগে অর্থনীতি সচল রেখে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার ব্যাপারে ঐকমত্যে পৌঁছানো জরুরি।’
বন্দর অচল করার সুযোগ নেই জেনে এবার অবরোধকারীরা বেছে নিয়েছেন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড এলাকা। কারণ, এ পথে বন্দর দিয়ে আমদানি-রপ্তানি হওয়া কনটেইনার পণ্যের ৬৫-৭০ শতাংশ পরিবহন হয়। তবে এ পথে এখন সাময়িকভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় পণ্য পরিবহন চালু রাখা হচ্ছে।
জানতে চাইলে চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম প্রথম আলোকে বলেন, ‘হরতাল-অবরোধেও বন্দর সচল আছে, এটি বড় পাওনা। তবে সবচেয়ে বড় টার্মিনালটি পুরোদমে চালু হলে ব্যবসায়ীরা অনেক বেশি সুবিধা পেত। বন্দরের মতো রেলপথে কনটেইনার পরিবহনের সক্ষমতা বাড়ানো গেলে সুফল পেত ঢাকা ও আশপাশের ব্যবসায়ীরা।’
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ককে জাতীয় গুরুত্বপূর্ণ স্থাপনা (কেপিআই) ঘোষণা করা গেলেও নাশকতা রোধ করা যেত বলে মনে করেন তিনি।
সেই সংস্কার: রাজনৈতিক নেতাদের ডাকে বন্দর অচল হওয়ার বিষয়টি ২০০৭ সালের ১১ জানুয়ারি দায়িত্ব নেওয়া তত্ত্বাবধায়ক সরকারের নীতিনির্ধারকদের গভীর চিন্তায় ফেলে দেয়।
কারণ, ১৯৯৬ সালেও রাজনৈতিক কর্মসূচির ডাকে বন্দর সম্পূর্ণ অচল হয়। ২০০৬ সালের ২৯ অক্টোবর থেকে ৯ জানুয়ারি পর্যন্ত কখনো পুরোপুরি বন্ধ, কখনো সাময়িক বন্ধ হয়ে পড়ে বন্দর। ২০০৬ সালের ১২ নভেম্বর সম্পূর্ণ অচল হয় বন্দর। বন্দর অচল হলে দেশের অর্থনীতিও মুষড়ে পড়ে।
এ কারণে বন্দর ব্যবহারকারীদের সঙ্গে আলোচনায় বসে সংস্কারের রূপরেখা তৈরি করে যৌথ বাহিনীর চট্টগ্রাম অঞ্চল। সংস্কারের প্রধান যুগান্তকারী পদক্ষেপ ছিল বার্থ অপারেটরের অধীনে পণ্য ওঠানো-নামানোর সমন্বিত দায়িত্ব প্রদান।
২০০৭ সালের ১৬ মে থেকে এ পদ্ধতিতে পরীক্ষামূলকভাবে কাজ শুরু হয়। প্রচলিত ডক শ্রমিক ব্যবস্থাপনা বোর্ড বিলুপ্ত করে এ পদ্ধতি চালু করা হয়। শ্রমিকদের নিয়োজিত করা হয় বেসরকারি অপারেটরের অধীনে। কাজ না করে টাকা আদায়ের দিনও শেষ হয়ে যায় শ্রমিকনেতাদের। রাজনৈতিক নেতাদের ডাকে বন্দর অচল করার দিনও শেষ হয়।
এ ছাড়া বন্দরের দক্ষতা বাড়ানোর ২৮টি পদক্ষেপ নেওয়া হয় সেই সময়। অবশ্য মহাজোট সরকার এসে ২০০৯ সালের প্রাতিষ্ঠানিক রূপ দেয় এ পদ্ধতির। সেই সময়ের সংস্কার কার্যক্রমের প্রধান কয়েকটি প্রাতিষ্ঠানিক রূপ পাওয়ার কারণে রাজনৈতিক কর্মসূচিও অচল করতে পারছে না বন্দর। যেমন, গত ২৬ নভেম্বর থেকে গতকাল বুধবার পর্যন্ত ৩০ দিন অবরোধ-হরতাল কর্মসূচিতেও বন্দরের কনটেইনার ওঠানো-নামানোর কাজ ছিল গতিশীল। কনটেইনার খালাসের হারও বেড়েছে।
এখন অবরোধেও গড়ে দেড় হাজার কনটেইনার (২০ ফুট দীর্ঘ) খালাস হয়।
অবশ্য অবরোধের কারণে শুধু বন্দর থেকে সড়কপথে পণ্য পরিবহন বাধাগ্রস্ত হয়। রেলপথেও কনটেইনার পরিবহনে কমে আসে।
বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল নিজামউদ্দিন আহমেদ মনে করেন, ‘রাজনৈতিক কর্মসূচির পরও বন্দরে কনটেইনার ওঠানো-নামানোয় রেকর্ড হয়েছে। এখন হরতাল-অবরোধে বন্দর অচল করার সুযোগ নেই। কারণ, রাজনৈতিক অস্থিরতার সময়ও বন্দরের সক্ষমতা দিয়ে পরিচালন কার্যক্রম সচল রাখা সম্ভব হচ্ছে।’