দেশের বৃহত্তর স্বার্থে বিরোধী দলের ডাকা আজকের হরতাল প্রত্যাহারের আহ্বান জানিয়েছে ব্যবসায়ী-শিল্পপতিদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই)।বর্তমান রাজনৈতিক অস্থিতিশীলতার পরিপ্রেক্ষিতে ক্ষমতাসীন দল ও বিরোধী দলকে সমঝোতার মাধ্যমে রাজনৈতিক সমস্যার সমাধান করারও আহ্বান জানিয়েছে এফবিসিসিআই।এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমদ বলেন, ‘রাজনৈতিক সমস্যার সমাধান রাজনৈতিকভাবে করেন অথবা হরতালের বিকল্প কর্মসূচির পরিকল্পনা করেন। জাতীয় সংসদে গিয়ে আপনাদের সমস্যাগুলো নিয়ে আলোচনা করেন।’বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলের ডাকা হরতালের আগের দিন গতকাল বুধবার মতিঝিলের ফেডারেশন ভবনে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরাম।এফবিসিসিআইয়ের সভাপতি বলেন, দেশে যে সংঘাত ও সংঘর্ষের রাজনৈতিক সংস্কৃতির সৃষ্টি হয়েছে, তার ফলে বেশি ক্ষতিগ্রস্ত হবে দেশের আর্থ-সামাজিক উন্নয়ন কর্মকাণ্ড। হরতালের মতো কর্মসূচির কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতির গুরুতর অবনতি ঘটে। বহির্বিশ্বে দেশের ভাবমূর্তি নষ্ট হয়। দ্রুত এ পরিস্থিতির অবসান হওয়া জরুরি। তা না হলে জাতিগতভাবে এর চরম মূল্য দিতে হবে।কাজী আকরাম আরও বলেন, ‘যাঁরা সরকারে আছেন এবং বিরোধী দলে আছেন তাঁরা কিন্তু হরতালে ক্ষতিগ্রস্ত হচ্ছেন না। ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ মানুষ, ক্ষুদ্র ব্যবসায়ীরা।’যুদ্ধাপরাধীদের বিচার নিশ্চিত করা এবং জামায়াতে ইসলামীর রাজনীতি নিষিদ্ধ করার দাবিতে ১৮ ডিসেম্বর বাংলাদেশের কমিউনিস্ট পার্টিসহ কয়েকটি বাম দলও হরতাল ডেকেছে। ওই হরতাল প্রসঙ্গে দৃষ্টি আকর্ষণ করা হলে এফবিসিসিআইয়ের সভাপতি বলেন, ‘যে উদ্দেশেই করুক না কেন, আমরা সব ধরনের হরতালের বিরুদ্ধে। আমরা অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক শান্তি চাই।’হরতালের কারণে প্রতিদিন আনুমানিক এক হাজার কোটি টাকার ক্ষতি হয় মন্তব্য করে এফবিসিসিআইয়ের সভাপতি বলেন, ‘যেকোনো ধরনের রাজনৈতিক অচলাবস্থা আমাদের অর্থনৈতিক লক্ষ অর্জনে বাধার সৃষ্টি করবে। এটা আমরা আশা করি না। এ ধরনের কর্মসূচি ২০১৩ সালের মধ্যে জিডিপি প্রবৃদ্ধির হার ৮ শতাংশে উন্নীত হওয়া এবং মধ্যম আয়ের দেশে পরিণত হওয়ার ক্ষেত্রে সব বাধা হয়ে দাঁড়াবে।’বিশ্বমন্দা সত্ত্বেও রপ্তানি প্রবৃদ্ধি হওয়া, বিপুল পরিমাণ প্রবাসী-আয় (রেমিট্যান্স) ও প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) দেশে আসা এবং মূল্যস্ফীতি এক অঙ্কের ঘরে রাখাসহ দেশের বেশকিছু অর্থনৈতিক অগ্রগতির কথা তুলে ধরেন এফবিসিসিআই সভাপতি। তিনি বলেন, ‘দেশে যখন এভাবে উন্নয়নের গতিধারা অব্যাহত রয়েছে, সে অবস্থায় বিরাজমান রাজনৈতিক অস্থিতিশীলতা কিছুতেই কাম্য হতে পারে না।’কাজী আকরাম আরো বলেন, ‘রাজনৈতিক স্থিতিশীলতার স্বার্থে আমরা অবশ্যই সমঝোতার উদ্যোগ নেব। ১৭ ডিসেম্বর এফবিসিসিআইয়ের পরিচালনা পর্যদের বৈঠক রয়েছে। ওই বৈঠকে এ বিষয়ে আলোচনা করা হবে।’ব্যাংকঋণের সুদের হার প্রসঙ্গে এফবিসিসিআইয়ের সভাপতি বলেন, ‘ব্যাংকঋণের সুদের হার এক অঙ্কের ঘরে রাখতে পারব কি না জানি না। তবে সুদের হার সহনীয় পর্যায়ে রাখতে শিগগিরই বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে আমরা আলোচনায় বসব।’দেশের রাজনৈতিক অস্থিরতার পরিপ্রেক্ষিতে এফবিসিসিআইয়ের সাবেক কয়েকজন সভাপতি কয়েক মাস আগে প্রধান দুই রাজনৈতিক দলের মধ্যে সমঝোতার একটি উদ্যোগ নিয়েছিলেন।উদ্যোগের সর্বশেষ অবস্থা জানতে চাইলে সাবেক সভাপতি আনিসুল হক বলেন, ‘এফবিসিসিআইয়ের নেতৃত্বে আমরা উদ্যোগটি এগিয়ে নেব। বর্তমান পর্ষদ আমাদের যেভাবে নির্দেশনা দেবে, আমরা তাদের সঙ্গে হাত মিলিয়ে সেভাবেই কাজ করব।’এফবিসিসিআইয়ের সংবাদ সম্মেলনে সংগঠনের সাবেক সভাপতি আকরাম হোসেন, ঢাকা চেম্বারের সভাপতি আসিফ ইব্রাহীম, বস্ত্রকল মালিকদের সমিতি বিটিএমএর সভাপতি জাহাঙ্গীর আলামীন, নিট পোশাক প্রস্তুত ও রপ্তানিকারকদের সমিতি বিকেএমইএর সভাপতি এ কে এম সেলিম ওসমান ও বর্তমান পর্ষদের কয়েকজন পরিচালক উপস্থিত ছিলেন।এর আগে গত সোমবার দেশের ছয় শীর্ষ ব্যবসায়ী সংগঠনও এক যৌথ বিবৃতিতে সংঘাতমূলক রাজনীতি পরিহার করে আলোচনার মাধ্যমে রাজনৈতিক সমস্যার সমাধান করতে সরকার ও বিরোধী দলের প্রতি আহ্বান জানায়।