হরতাল না দেওয়ার শপথ নিতে দুই নেত্রীর প্রতি আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হরতাল কর্মসূচি না দেওয়ার বিষয়ে জাতির কাছে শপথ নিতে প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন দেশের শিল্প ও বণিক সমিতিগুলোর শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি এ কে আজাদ।এফবিসিসিআইয়ের সভাপতি বিরোধী দলের উদ্দেশে বলেন, ‘ঢাকা দুই ভাগ হয়ে গেছে—এর প্রতিবাদ করতে আপনারা সংসদে যান। রোডমার্চ করছিলেন, সেটা চালিয়ে যান। কিন্তু হরতাল দিলে শুধু আমরা ব্যবসায়ীরাই ক্ষতিগ্রস্ত হই না, বিদেশি বিনিয়োগকারীরাও এ দেশে বিনিয়োগ থেকে মুখ ফিরিয়ে নেন।’‘শিপ ব্রেকিং অ্যান্ড শিপ রিসাইক্লিং রুলস-২০১১’-এর খসড়া চূড়ান্ত করতে স্টেকহোল্ডারদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময়ে বিশেষ অতিথির বক্তব্যে এফবিসিসিআইয়ের সভাপতি এসব কথা বলেন। গতকাল রোববার রাজধানীর একটি হোটেলে এ সভার আয়োজন করে শিল্প মন্ত্রণালয়।রাজনৈতিক দলগুলোকে হরতালের সংস্কৃতি থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়ে এফবিসিসিআইয়ের সভাপতি বলেন, ‘আমরা মুক্তভাবে ব্যবসা করতে চাই। আপনারা যাঁরা সরকারে আছেন, যাঁরা বিরোধী দলে আছেন, তাঁদের কাছে আমরা জবাবদিহি চাই।’এ কে আজাদ আরও বলেন, একবার জাপানের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগ করার প্রস্তাব দেওয়া হলে তাঁরা জানতে চেয়েছিলেন ‘হরতাল জিনিসটা কী?’ জবাবে তিনি বলেছিলেন, এটা এমন দিন যে দিন কোনো ব্যবসায়িক কাজ হয় না, কিন্তু তার পরও সরকারকে অর্থ দিতে হয়। তখন জাপানের পক্ষ থেকে বলা হয়, তাহলে বিনিয়োগের জন্য নেপাল-ভুটানই ভালো।বিদেশি বিনিয়োগ আসার পথ যেন বন্ধ হয়ে না যায় সে দিক বিবেচনায় রেখে হরতাল না দিতে রাজনৈতিক দলগুলোকে তিনি আহ্বান জানান।ব্যাংক থেকে সরকারের উচ্চ হারে ঋণ নেওয়ারও সমালোচনা করেন এ কে আজাদ। তিনি বলেন, ‘আজকে যখন নতুন প্রকল্পের জন্য আমরা ব্যাংকে টাকা চাইতে যাই, তখন শুনি ব্যাংকে টাকা নেই। তারল্য-সংকট চলছে। সরকার এ পর্যন্ত ২০ হাজার কোটি টাকা ঋণ নিয়েছে। সরকার যদি সব ঋণ নিয়ে নেয়, তাহলে আমরা ঋণ নেব কোথা থেকে? বিনিয়োগ করব কীভাবে?’