হরতালের কারণে বিনিয়োগ নিয়ে উদ্বিগ্ন দেশের ব্যবসায়ী সমাজ। তাঁরা হরতাল পরিহার করে বিকল্প কর্মসূচি দেওয়ার জন্য রাজনৈতিক নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন।লাগাতার হরতালের পরিপ্রেক্ষিতে উদ্ভূত রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে গতকাল মঙ্গলবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে তাঁদের উদ্বেগের বিষয়টি তুলে ধরেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) নেতারা।সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি এ কে আজাদ বলেন, ‘আমরা আমাদের বর্তমান বিনিয়োগ নিয়ে চিন্তিত-উদ্বিগ্ন। এ অবস্থায় ভবিষ্যৎ বিনিয়োগ নিয়ে ভাবছি না।’এ কারণে দেশের অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থান বিঘ্ন হয়—এমন কর্মসূচি পালন না করারও আহ্বান জানিয়েছেন ব্যবসায়ীরা। এ জন্য হরতালের মতো ক্ষতিকর কর্মসূচি থেকে বিরত থাকারও আহ্বান জানানো হয়। দলীয় সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলী নিখোঁজ হওয়ার ঘটনায় তিন দিন ধরে দেশজুড়ে হরতাল পালন করে আসছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বিএনপির ডাকা হরতালের তৃতীয় দিনে নিজেদের অবস্থান ব্যাখ্যা করতে গতকাল রাজধানীর মতিঝিলে ফেডারেশন ভবনে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে এফবিসিসিআইয়ের সভাপতি বলেন, ‘হরতালের কারণে আমদানি-রপ্তানির ক্ষেত্রে সমস্যা দেখা দিয়েছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রী সরবরাহে বিঘ্ন ঘটছে। বাসমালিকেরা আতঙ্কের মধ্যে রয়েছেন। দেশে অবস্থানকারী ও বাংলাদেশে আসার পথে রয়েছেন এমন অনেক বিদেশি বিভিন্ন পয়েন্টে আটকা পড়েছেন। বিদেশিদের কাছ থেকে আমরা প্রতিনিয়ত তাঁদের উদ্বেগের কথা শুনছি। হরতালের কারণে আন্তর্জাতিকভাবে দেশের সুনাম ক্ষুণ্ন হচ্ছে।’ এ কে আজাদ একই সঙ্গে ইলিয়াস আলীর নিখোঁজ হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন এবং এ ব্যাপারে সরকারের কাছ থেকে সুস্পষ্ট বক্তব্য আশা করেন। পাশাপাশি কয়েক দিনের হরতালে নিহত ব্যক্তিদের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার জন্য সরকারের প্রতি দাবি জানান। সংবাদ সম্মেলনে উপস্থিত বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতারাও হরতালের বিপক্ষে তাঁদের মতামত ও অবস্থান তুলে ধরেন। বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি আমীর হোসেন বিএনপিকে উদ্দেশ করে বলেন, ‘যদি হরতাল করে ইলিয়াস আলীকে ফেরত পাওয়ার নিশ্চয়তা দিতে পারেন, তাহলে আরও এক দিন হরতাল দেন। আমরা তা পালন করব। যদি সেই নিশ্চয়তা দিতে না পারেন, তাহলে ব্যবসা-বাণিজ্যসহ সাধারণ মানুষের ক্ষতি করবেন না।’বক্তব্যের একপর্যায়ে আমীর হোসেন সংবাদ সম্মেলনে উপস্থিত ব্যাংক ও বিমা প্রতিষ্ঠানের মালিকের দুজন প্রতিনিধিকে উদ্দেশ করে বলেন, ‘আইন করে সারা দেশের দোকানের বিমা বা ক্ষতিপূরণের ব্যবস্থা করেন। তা না হলে আমি আপনাদের কথা দিচ্ছি, হরতাল যে-ই আহ্বান করুক, আমরা সারা দেশে দোকানপাট খোলা রাখব।’ সংবাদ সম্মেলনে বিমা ও ব্যাংকমালিকদের পক্ষ থেকে এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন স্ট্যান্ডার্ড ব্যাংকের চেয়ারম্যান ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের প্রতিনিধি কাজী আকরামউদ্দিন আহমেদ এবং বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) সভাপতি শেখ কবীর হোসেন। বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন বলেন, বৈশ্বিক ও অভ্যন্তরীণ নানা কারণে এমনিতেই তৈরি পোশাক রপ্তানি বাধাগ্রস্ত হচ্ছে। এর সঙ্গে যুক্ত হয়েছে হরতালের মতো ধ্বংসাত্মক কর্মসূচি। এ কারণে এই খাতে রপ্তানি-ঝুঁকি ৪০ থেকে ৫০ শতাংশ বেড়ে গেছে। বাংলাদেশ নিট পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) সভাপতি সেলিম ওসমান বলেন, ‘নিখোঁজ ইলিয়াসকে খুঁজে বের করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কিন্তু হরতাল আহ্বান করে এসব বাহিনীর সদস্যদের ব্যস্ত করে রাখা হয়েছে জনগণের জানমালের নিরাপত্তা বিধানে। তাহলে নিখোঁজ ইলিয়াসের সন্ধান করবে কারা? আসুন আমরা হরতাল না করে সবাই মিলে ইলিয়াসকে খুঁজে বের করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা করি।’ রাজনৈতিক দলগুলোকে উদ্দেশ করে সেলিম ওসমান বলেন, ‘হরতালের পরিবর্তে অনশন করুন, রোডমার্চ করুন। তা না হলে দেয়ালে পিঠ ঠেকে গেলে আমরাও কিন্তু আর বসে থাকব না।’ কাজী আকরামউদ্দিন আহমেদ বলেন, ‘হরতাল সফল হলেই মেয়াদ পূর্তির আগে একটি নির্বাচিত সরকার ক্ষমতা থেকে চলে যায় না। হরতাল দিয়ে সরকার পরিবর্তন সম্ভব নয়। হরতালে কেউই লাভবান হয় না।’ শেখ কবীর হোসেন বলেন, ‘হরতালের মাধ্যমে জনগণের রায় আসে না, আসে পেশিশক্তির জয়। তাই হরতালের পরিবর্তে বিকল্প কর্মসূচির কথা ভাবুন।’ প্রশ্নোত্তর পর্বে এফবিসিসিআইয়ের সভাপতি বলেন, গুম, হত্যাসহ অন্যান্য কর্মকাণ্ড বেড়ে যাওয়ার ফলে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির বেশ অবনতি ঘটেছে। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘দেশের বর্তমান প্রেক্ষাপটে আমরা কিছুটা অস্বস্তিতে রয়েছি, কিন্তু নিরাপত্তাহীনতায় ভুগছি না।’সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন মেট্রোপলিটন চেম্বারের পরিচালক সৈয়দ তারেক মোহাম্মদ আলী, ঢাকা চেম্বারের সহসভাপতি হায়দার আহমেদ খান। এ সময় এফবিসিসিআইয়ের প্রথম সহসভাপতি জসিমউদ্দিন, সহসভাপতি মোস্তফা আজাদ চৌধুরী, পরিচালক মনোয়ারা হাকিম আলী, ঢাকা চেম্বারের সাবেক সভাপতি এম এ মোমেন প্রমুখ উপস্থিত ছিলেন।