হরতাল পরিহারের অনুরোধ বিজিএমইএ, বিকেএমইএর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ জামায়াতে ইসলামীর ডাকা আজকের হরতাল ও লাগাতার হরতালের হুমকিতে গভীর উদ্বেগ জানিয়েছে পোশাকশিল্প-মালিকদের দুই সংগঠন—বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এবং বাংলাদেশ নিট পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিকেএমইএ)। একই সঙ্গে জাতীয় অর্থনীতির স্বার্থে রাজনৈতিক কর্মসূচির নামে হরতাল পরিহারের অনুরোধ জানিয়েছে তারা। গতকাল সোমবার গণমাধ্যমে পাঠানো এক যুক্ত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়। এতে বলা হয়, গত ডিসেম্বরে তিন দিন ও জানুয়ারিতে দুই দিনের পর কাল (আজ মঙ্গলবার) আবার হরতাল আহ্বানে পোশাকশিল্পের উদ্যোক্তাদের মধ্যে হতাশা তৈরি হয়েছে। সংগঠন দুটি মনে করে, ঘন ঘন হরতাল আহ্বান করলে ব্যবসা-বাণিজ্যকে ঝুঁকির মুখে ঠেলে দেবে, যা দেশি-বিদেশি উভয় বিনিয়োগেই নেতিবাচক প্রভাব ফেলবে।