হরতাল প্রত্যাহার চান ব্যবসায়ীরা
দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জামায়াতে ইসলামীর ডাকা আজ বুধবার থেকে টানা ৪৮ ঘণ্টার হরতালে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই)। সংগঠনটি এই হরতাল প্রত্যাহারের দাবি জানিয়েছে।
একই দাবি করেছে পোশাক কারখানা মালিকদের সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ।
সংগঠনগুলো গতকাল মঙ্গলবার পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে হরতাল প্রত্যাহারের দাবি জানায়।
এফবিসিসিআইয়ের পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হরতালের মতো ধ্বংসাত্মক কর্মসূচি ও সংঘাতের রাজনৈতিক সংস্কৃতি দেশের অর্থনীতিকে চরম বিপর্যয়ের দিকে নিয়ে যাচ্ছে।
এতে আরও বলা হয়, গত কয়েক মাস হরতাল ও রাজনৈতিক সহিংস কর্মকাণ্ড না থাকায় দেশের রপ্তানি ও অর্থনীতির প্রবৃদ্ধি ইতিবাচক পর্যায়ে রয়েছে। এ অবস্থায় হরতালের মতো কর্মসূচি অর্থনীতিকে বিপর্যস্ত করে তুলবে, যা ব্যবসায়ী সমাজসহ দেশের জনগণ কারোরই কাম্য নয়।
অন্যদিকে বিজিএমইএ ও বিকেএমইএ বলেছে, অ্যালায়েন্স প্রতিনিধিদল বর্তমানে বাংলাদেশে আছে। এখন হরতাল থাকলে প্রতিনিধিদলটি যে উদ্দেশ্য নিয়ে বাংলাদেশে এসেছে, তা ব্যাহত হতে পারে। এ দেশ সম্পর্কে তাদের মনে নেতিবাচক ধারণারও জন্ম দিতে পারে, যা পোশাকশিল্পের জন্য অনাকাঙ্ক্ষিত হবে।c