হরতাল প্রত্যাহার চায় এফবিসিসিআই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের অর্থনৈতিক উন্নয়নের ধারা সমুন্নত রাখার স্বার্থে হরতাল প্রত্যাহার করতে জামায়াতে ইসলামীকে আহ্বান জানিয়েছে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই)।
ব্যবসায়ীদের এই শীর্ষ সংগঠনটি গতকাল বুধবার এক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানিয়েছে। প্রসঙ্গত, একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীকে মৃত্যুদণ্ড দেওয়ার প্রতিবাদে সংগঠনটি আজ বৃহস্পতিবার, আগামী রবি ও সোমবার হরতাল ডেকেছে।
এফবিসিসিআই বলেছে, দেশে এখন ব্যবসা ও বিনিয়োগবান্ধব পরিবেশ বিরাজ করছে। অনুকূল বিনিয়োগ পরিস্থিতি বিবেচনা করে চীন, জাপান, ইতালিসহ বিভিন্ন দেশের বিনিয়োগকারীরা এ দেশে বিনিয়োগে আগ্রহও দেখাচ্ছেন। এ অবস্থায় হরতালসহ যেকোনো নেতিবাচক কার্যক্রম চললে বিনিয়োগকারীরা নিরুৎসাহিত হবেন বলে এফবিসিসিআই মনে করে।