হরতাল প্রত্যাহার চায় এফবিসিসিআই
‘বিচারিক রায়কে কেন্দ্র করে হরতাল আহ্বান কোনোভাবেই সমর্থনযোগ্য নয়’—এমন মন্তব্য করে দেশের অর্থনীতির স্বার্থে কাল বুধবারের হরতাল প্রত্যাহারের আহ্বান জানিয়েছে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই)।
এক বিজ্ঞপ্তিতে আজ মঙ্গলবার সন্ধ্যায় এমন প্রতিক্রিয়া জানিয়েছে এফবিসিসিআই।
মুক্তিযুদ্ধের সময় বুদ্ধিজীবী হত্যার দায়ে জামায়াতে ইসলামীর নেতা আলী আহসান মুহাম্মদ মুজাহিদের ফাঁসির রায় আপিল বিভাগ বহাল রাখায় কাল হরতাল ডেকেছে দলটি।
এফবিসিসিআই বলেছে, হরতালের মতো নেতিবাচক রাজনৈতিক কর্মকাণ্ডে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়। একই সঙ্গে জানমালের ব্যাপক ক্ষতি হয়। এই হরতালে নাগরিক জীবন, উৎপাদন ব্যবস্থা, পণ্যের সরবরাহসহ দৈনন্দিন কার্যক্রম ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হবে। একই সঙ্গে এ হরতালে দেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক কার্যক্রম বিঘ্নিত হবে এবং তা সামগ্রিকভাবে অর্থনীতি, বাণিজ্য ও নাগরিক কর্মকাণ্ডকে ক্ষতিগ্রস্ত করবে।
ব্যবসায়ী সংগঠনটি বলেছে, বছরের শুরুতেই রাজনৈতিক অস্থিরতায় দেশের যে অর্থনৈতিক ক্ষতি হয়েছে, তা পুষিয়ে না উঠতেই আবারও হরতাল দেওয়া হলো। দেশের অর্থনীতিতে ইতিমধ্যে গতির সঞ্চার হয়েছে। এ অবস্থায় হরতাল হলে অর্থনীতির ক্ষতি আরও বেড়ে যাবে।