হরতাল প্রত্যাহার চেয়েছে এফবিসিসিআই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নের ধারা ঠিক রাখার স্বার্থে জামায়াতে ইসলামীর ডাকা আজ বৃহস্পতিবার এবং আগামী রোববারের হরতাল প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই)।

ব্যবসায়ীদের এই শীর্ষ সংগঠন গতকাল বুধবার এক বিজ্ঞপ্তিতে বলছে, দেশে যখন বিদেশি বিনিয়োগকারীরা অবস্থান করছেন তখন এমন হরতাল দেওয়া ঠিক হয়নি।

দেশে নতুন বিনিয়োগ আকর্ষণের জন্য বাংলাদেশ বিনিয়োগ বোর্ড ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট ফোরাম-২০১৪ আয়োজন করেছে। গতকাল এই সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন দেশের বিনিয়োগকারীরা অংশ নিয়েছেন।

এফবিসিসিআই বলেছে, বিনিয়োগকারীরা এখন দেশে অবস্থান করছেন। এ অবস্থায় হরতাল কর্মসূচি বিদেশি বিনিয়োগকারীদের কাছে নেতিবাচক ভাবমূর্তি তুলে ধরবে, যা কখনোই কাম্য নয়।

ব্যবসায়ীদের এই শীর্ষ সংগঠন বলছে, দেশে বর্তমানে ব্যবসা ও বিনিয়োগবান্ধব পরিবেশ বিরাজ করছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ, রেমিট্যান্স, বৈদেশিক বিনিয়োগ, আমদানি ও রপ্তানি কার্যক্রম প্রতিটি ক্ষেত্রে ইতিবাচক গতি লক্ষ করা যাচ্ছে।

এফবিসিসিআই আরও বলেছে, বিনিয়োগ পরিস্থিতি বিবেচনা করে চীন ও জাপানসহ বিভিন্ন দেশের বিনিয়োগকারীরা এ দেশে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করছেন। এ অবস্থায় হরতালসহ যেকোনো নেতিবাচক কার্যক্রম দেশের ভাবমূর্তির ওপর প্রভাব ফেলবে এবং বিনিয়োগকারীরা নিরুৎসাহিত হবেন।

হরতালের মতো ধ্বংসাত্মক কর্মসূচি দেশের অর্থনীতিকে চরম বিপর্যয় এবং এক অনিশ্চয়তার দিকে নিয়ে যাবে বলে মন্তব্য করেছে দেশের ব্যবসায়ীদের এই শীর্ষ সংগঠন।