হরতাল প্রত্যাহার দাবি ব্যবসায়ীদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের ব্যবসায়ী-শিল্পপতিদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই) আজ বুধ ও আগামীকাল বৃহস্পতিবারের হরতাল প্রত্যাহারের আহ্বান জানিয়েছে।
একই সঙ্গে নৈরাজ্যকর ও সহিংসতাপূর্ণ যেকোনো কর্মকাণ্ড কঠিন হাতে দমনের জোর দাবিও জানিয়েছে সংগঠনটি।
এফবিসিসিআই বলেছে, বিচারিক রায়কে কেন্দ্র করে হরতাল ডাকা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। দেশের প্রচলিত আইন অনুযায়ী সংক্ষুব্ধ ব্যক্তির উচ্চ আদালতে যাওয়ার সুযোগ রয়েছে। তাই রায়কে কেন্দ্র করে হরতালের নেতিবাচক কর্মসূচি পালন করে বিশৃঙ্খলা সৃষ্টি করার অপচেষ্টা কোনোভাবেই কাম্য নয়।
মানবতার বিরুদ্ধে অপরাধের দায়ে জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলামের ফাঁসি ঘোষণা করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এরই প্রতিবাদে দুই দিনের হরতাল ডাকে জামায়াত।
আর এই হরতাল ডাকার পর গতকাল সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে তা প্রত্যাহারের দাবি জানায় এফবিসিসিআই।
বিআইএর উদ্বেগ: হরতালের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশনও (বিআইএ)। গতকাল এক বিজ্ঞপ্তিতে সংগঠনের সভাপতি শেখ কবির হোসেন বলেছেন, ২০১৪ সালে বিমাশিল্পসহ দেশের অর্থনীতির সঙ্গে সম্পর্কিত অধিকাংশ খাতেই আশানুরূপ প্রবৃদ্ধি হয়েছে। আমদানি ও রপ্তানি বেড়েছে। ব্যবসায়ীরা একটু ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন। সেই মুহূর্তে হরতাল ডেকে দেশে আবারও বিশৃঙ্খলা সৃষ্টি করা হচ্ছে।
আইবিএফবি: ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (আইবিএফবি) দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছে। বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি সমাধানে হরতালে মতো কর্মসূচি কোনো ভূমিকা রাখবে না বলে মনে করে আইবিএফবি। সংগঠনটির সভাপতি হাফিজুর রহমান খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়েছে।