হরতাল প্রত্যাহারের আহ্বান এফবিসিসিআইয়ের
সার্বিক অর্থনীতির উন্নয়নের ধারা সমুন্নত রাখতে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার ডাকা আগামীকাল রোববারের হরতাল প্রত্যাহারের আহ্বান জানিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই।
আজ শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে হরতাল প্রত্যাহারের এই আহ্বান জানায় দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)। একই সঙ্গে সংগঠনের পক্ষ থেকে সুপ্রিম কোর্ট জামে মসজিদের খতিব ও টিভি উপস্থাপক মাওলানা নুরুল ইসলাম ফারুকীর হত্যাকাণ্ডের ঘটনায় উদ্বেগ জানিয়ে হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়।
হরতাল প্রত্যাহারের বিষয়ে সংগঠনের পক্ষ থেকে বলা হয়, দেশে বর্তমানে ব্যবসা ও বিনিয়োগবান্ধব পরিবেশ বিরাজ করছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ, প্রবাসী-আয়, বৈদেশিক বিনিয়োগ, আমদানি ও রপ্তানি কার্যক্রম ইতিবাচক ধারায় আছে। চীন, জাপানসহ বিভিন্ন দেশের বিনিয়োগকারীরা এ দেশে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছেন। এ অবস্থায় হরতাল দেশের ভাবমূর্তির ওপর প্রভাব ফেলবে। তা ছাড়া বিনিয়োগকারীরাও নিরুত্সাহিত হতে পারেন বলে মনে করে এফবিসিসিআই।