হরতাল প্রত্যাহারের আহ্বান এফবিসিসিআইয়ের
১৮-দলীয় জোটের ডাকা ২৭ ও ২৮ মার্চের হরতাল প্রত্যাহারের আহ্বান জানিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। একই সঙ্গে সাম্প্রতিক রাজনৈতিক সহিংসতা ও হরতালের কর্মসূচিতে উদ্বেগ প্রকাশ করেছে সংগঠনটি। জাতীয় অর্থনীতির স্বার্থে এবং দেশের অর্থনৈতিক উন্নয়নের গতিধারা সমুন্নত রাখতে আজ সোমবার এই আহ্বান জানায় দেশের ব্যবসায়ীদের এই শীর্ষ সংগঠন। এফবিসিসিআইয়ের অতিরিক্ত সচিব (জিএ) আফসারুল আরিফিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ধারাবাহিকভাবে কয়েক মাস ধরে চলমান রাজনৈতিক সহিংসতা ও টানা হরতাল কর্মসূচির পাশাপাশি ২৭ ও ২৮ মার্চ ৩৬ ঘণ্টার হরতাল আহ্বান করায় দেশের ব্যবসায়ী সমাজ গভীর উদ্বেগ ও উত্কণ্ঠা প্রকাশ করছে। একই সঙ্গে জাতীয় অর্থনীতির স্বার্থে ও দেশের অর্থনৈতিক উন্নয়নের গতিধারা সমুন্নত রাখতে এ হরতাল প্রত্যাহারের জন্য ব্যবসায়ী সমাজ হরতাল আহ্বানকারী রাজনৈতিক দলগুলোর প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছে।’এতে আরও বলা হয়, জাতীয় অর্থনীতির স্বার্থে ব্যবসায়ী সমাজ সব সময়ই হরতালের বিপক্ষে অবস্থান নিয়েছে। দেশে যে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি হয়েছে, তাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের অর্থনীতি। এ ধরনের কর্মসূচির কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতির গুরুতর অবনতি ঘটছে, জীবন-জীবিকার জন্য সাধারণ জনগণ স্বাভাবিকভাবে চলাচল করতে পারছেন না। বিশেষ করে বিভিন্ন উত্পাদনশীল খাত, রপ্তানিমুখী শিল্প, ব্যাংক, বিমা, পরিবহন, স্বাস্থ্যসেবা, মানবসম্পদসহ দেশের সব অর্থনৈতিক ভিত ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে। বহির্বিশ্বে দেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। আর এ অস্থিতিশীল পরিবেশ অব্যাহত থাকলে দেশে দেশি-বিদেশি বিনিয়োগ বাধাগ্রস্ত হবে। সর্বোপরি, হরতালের কারণে দেশের অর্থনীতি বিপর্যস্ত হয়ে পড়েছে।এফবিসিসিআইয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের অর্থনৈতিক উন্নয়ন ও জিডিপি প্রবৃদ্ধি সমুন্নত রাখতে, আমদানি-রপ্তানি বাণিজ্য সচল ও বিনিয়োগ উত্সাহিত করতে ব্যবসায়ী মহল বিভিন্ন উদ্যোগ নিচ্ছে। এ পরিস্থিতিতে চলমান রাজনৈতিক অস্থিরতা সার্বিক ব্যবসা-বাণিজ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে বলে ব্যবসায়ী সমাজ মনে করে। গণতান্ত্রিক অধিকারের নামে বর্তমানে অব্যাহতভাবে হরতাল ডাকার সংস্কৃতি দেশের জন্য ভয়াবহ ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে।