হরতাল প্রত্যাহারের আহ্বান ব্যবসায়ীদের
আজ রোববার কতিপয় রাজনৈতিক দল দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করায় বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই) গভীর উদ্বেগ প্রকাশ করছে। ব্যবসায়ী-শিল্পপতিদের শীর্ষ সংগঠনটি আজকের হরতাল কর্মসূচি প্রত্যাহারের জন্য দেশের ব্যবসায়ী সম্প্রদায়ের পক্ষ থেকে জোর দাবি জানিয়েছে। সেই সঙ্গে ভবিষ্যতেও এ ধরনের আত্মঘাতী কর্মসূচি গ্রহণ থেকে বিরত থাকার জন্য সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানাচ্ছে।এফবিসিসিআই বলেছে, সাম্প্রতিক ঘটনাবলির পরিপ্রেক্ষিতে সাংঘর্ষিক রাজনীতি দেশের উন্নয়নের পথে মহা হুমকি হয়ে দেখা দিচ্ছে। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এফবিসিসিআই বলেছে, ‘রাজনৈতিক স্থিতিশীলতা আমাদের আর্থসামাজিক উন্নয়নের জন্য অতীব গুরুত্বপূর্ণ। কিন্তু ঘন ঘন হরতালের নামে দেশে অরাজকতা সৃষ্টি ও সাধারণ নিরীহ মানুষের জানমালের ক্ষতি দেশের ব্যবসায়ী সমাজ কোনোভাবেই সমর্থন করতে পারে না। হরতাল যেমন গণতান্ত্রিক অধিকার, তেমনি হরতাল না করাটাও জনগণের গণতান্ত্রিক অধিকার। জোর করে, সন্ত্রাস করে, ভয়ভীতি দেখিয়ে হরতাল সংঘটিত করাকে ব্যবসায়ী সমাজ প্রত্যাখ্যান করে।’এফবিসিসিআই বলছে, সাম্প্রতিক বিভিন্ন ইস্যুতে ইতিমধ্যে বেশ কয়েকজনের অকাল প্রাণহানি এবং জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ ছাড়া দেশের বিভিন্ন আর্থিক ও ব্যবসায়ী প্রতিষ্ঠানে ব্যাপক ভাঙচুর, অগ্নিসংযোগ হয়েছে। এতে ব্যবসায়ী সমাজ তীব্র নিন্দা এবং এ ধরনের কার্যকলাপ থেকে সবাইকে বিরত থাকার জন্য অনুরোধ জানাচ্ছে। এফবিসিসিআই আরও বলেছে, বিভিন্ন রাজনৈতিক দল কর্তৃক উপর্যুপরি হরতাল আহ্বান সাম্প্রতিককালের রাজনৈতিক পরিস্থিতির অবনতি ঘটিয়েছে এবং ব্যবসায়িক কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার ক্ষেত্রে অনিশ্চয়তা এনে দিয়েছে। সংগঠনটি বলছে, ‘অযৌক্তিক ঘন ঘন হরতালের কারণে আমাদের অর্থনীতির চিত্র বিপর্যস্ত অবস্থায় গড়িয়েছে। হরতাল আমাদের অর্থনৈতিক অগ্রযাত্রার গতিকে বিঘ্নিত করছে এবং বিদেশে আমাদের রপ্তানি পণ্যের বাজার ধ্বংস করছে। এ ছাড়া যখন সারা দেশে স্কুল ও মাদ্রাসায় পরীক্ষা চলছে, তখন হরতাল ও নৈরাজ্যকর পরিস্থিতি শিক্ষাব্যবস্থাকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে এবং এতে আমাদের কোমলমতি শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে।’ এফবিসিসিআই সব রাজনৈতিক দলকেই ধ্বংসাত্মক ও উৎপাদনবিরোধী কর্মসূচি থেকে বিরত থাকার জন্য ব্যবসায়ী সমাজের পক্ষ থেকে দাবি জানিয়েছে। ব্যবসায়ী মহলের পক্ষ থেকে সরকারি ও বিরোধী দলসহ সব রাজনৈতিক দলকে হানাহানির পথ বন্ধ করে আলোচনার মাধ্যমে সব সমস্যা সমাধানেরও দাবি জানানো হয়েছে।এদিকে ধর্মভিত্তিক কয়েকটি দলের ডাকে আজকে দেশব্যাপী ও কাল চট্টগ্রামে হরতালে গভীর উদ্বেগ জানিয়েছে পোশাকমালিকদের দুই সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ। একই সঙ্গে জাতীয় অর্থনীতির স্বার্থে রাজনৈতিক কর্মসূচির নামে হরতাল পরিহারের অনুরোধ জানিয়েছে তারা। গতকাল শনিবার গণমাধ্যমে পাঠানো এক যুক্ত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়। এতে বলা হয়, গত ডিসেম্বরে তিন দিন, জানুয়ারিতে দুই দিন ও ফেব্রুয়ারিতে দুই দিনের পর আবার হরতালের আহ্বান পোশাকশিল্পের উদ্যোক্তাদের মধ্যে হতাশা তৈরি হয়েছে। সংগঠন দুটি মনে করে, ঘন ঘন হরতাল আহ্বান করা হলে অর্থনীতিরই ক্ষতি হবে সবচেয়ে বেশি। এই অবস্থা কাটিয়ে ওঠা অর্থনীতির পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশ বর্তমানে একটি স্থিতিশীল অর্থনৈতিক প্রবৃদ্ধি বজায় রাখছে। এই ধারাবাহিকতা বজায় রাখতে স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ প্রয়োজন, যা আর্থসামাজিক উন্নয়নে ভূমিকা রাখতে পারে।