হরতাল প্রত্যাহারের দাবি জানাল এফবিসিসিআই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের সামাজিক ও অর্থনৈতিক স্থিতিশীলতার স্বার্থে আজ বুধবারের হরতাল প্রত্যাহারের দাবি জানিয়েছে দেশের ব্যবসায়ী-শিল্পপতিদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই)।পাশাপাশি ভবিষ্যতেও এ ধরনের আত্মঘাতী কর্মসূচি দেওয়া থেকে বিরত থাকতে সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়েছে বাণিজ্য সংগঠনটি।এফবিসিসিআই মনে করে, তাৎক্ষণিক হরতাল কর্মসূচি ঘোষণা জনগণের দৃষ্টিতে অপরাধের শামিল। জনগণ তা কোনোভাবেই মেনে নিতে পারে না।এফবিসিসিআই থেকে গতকাল মঙ্গলবার পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাতিলের দাবিতে আজ সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জামায়াতে ইসলামী। একই দাবিতে গতকালও হরতাল পালন করে দলটি।এফবিসিসিআই বলছে, হরতালের নামে দেশে অরাজকতা সৃষ্টি ও সাধারণ মানুষের জানমালের ক্ষতি ব্যবসায়ী সমাজ কোনোভাবেই সমর্থন করতে পারে না। আর্থসামাজিক উন্নয়ন এবং বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়ানোসহ বাজারে নিত্যপণ্যের সরবরাহ ও মূল্য পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সরকার এবং ব্যবসায়ী সমাজ সম্মিলিতভাবে ভূমিকা রাখছে। হরতাল নিত্যপণ্যের দাম বাড়ায় এবং এতে চট্টগ্রাম ও মংলা বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রমে ব্যাঘাত সৃষ্টির মাধ্যমে পণ্য সরবরাহ বাধাগ্রস্ত হয়। সর্বোপরি হরতাল বা অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি ব্যবসা-বাণিজ্য ও মানুষের দৈনন্দিন কাজকর্মে ব্যাপক বিশৃঙ্খলা ও হয়রানির সৃষ্টি করে।শীর্ষ ব্যবসায়ী সংগঠনটি বলেছে, সরকার ও বেসরকারি খাতের আন্তরিক প্রচেষ্টায় দেশের অর্থনীতি শক্তিশালী পরিকাঠামোর ওপর দাঁড়াতে যাচ্ছে। তীব্র প্রতিযোগিতামূলক বিশ্ববাজারে টিকে থাকতে সব পক্ষ চেষ্টা চালিয়ে যাচ্ছে। বিশ্ববাজারে এ দেশের রপ্তানি প্রবৃদ্ধি ধরে রাখার পাশাপাশি নতুন বাজার সৃষ্টি, নতুন বিনিয়োগ আকর্ষণ ও জিএসপিসংক্রান্ত প্রতিকূলতা কাটাতে চেষ্টা চালানো হচ্ছে। এ অবস্থায় হরতালের মতো অনাকাঙ্ক্ষিত রাজনৈতিক কর্মসূচি দেশের ব্যবসা-বাণিজ্য ঝুঁকির মুখে ঠেলে দিচ্ছে। এতে দেশি-বিদেশি উভয় বিনিয়োগেই নেতিবাচক প্রভাব পড়ছে।এদিকে বুধবার হরতাল আহ্বান করায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে পোশাক শিল্পমালিকদের দুই সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ।সংগঠন দুটি মনে করে, এভাবে চলতে থাকলে অর্থনীতিরই ক্ষতি হবে সবচেয়ে বেশি। এটি কাটিয়ে ওঠা এই অর্থনীতির পক্ষে কোনোভাবেই সম্ভব নয়।গতকাল মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক যুক্ত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়। এতে সংগঠন দুটি আশা প্রকাশ করে, সব রাজনৈতিক দল সংঘাতমূলক রাজনীতি পরিহার করবে। এতে দেশের অর্থনীতি ধ্বংসের হাত থেকে বাঁচবে।