হরতাল প্রত্যাহারের দাবি ব্যবসায়ীদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ২ মের হরতাল প্রত্যাহারের দাবি করেছে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনসহ (এফবিসিসিআই) দেশের ৪১টি ব্যবসায়ী সংগঠন। সাভারের রানা প্লাজায় ভবনধসে সৃষ্ট স্মরণকালের ভয়াবহ মানবিক বিপর্যয় কাটিয়ে ওঠা ও দেশের অর্থনীতির উন্নয়নের স্বার্থে মানবিক কারণে এ হরতাল প্রত্যাহার চায় ব্যবসায়ী সংগঠনগুলো।একই সঙ্গে ভবনধসের এই মানবিক বিপর্যয়ে দলমত-নির্বিশেষে নিহত ব্যক্তিদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ, আহত ব্যক্তিদের সর্বাত্মক সুচিকিৎসা ও পুনর্বাসনসহ আর্থিক ও মানসিক সহযোগিতা ও ক্ষতিপূরণ প্রদানে দেশবাসীকে একযোগে কাজ করার অনুরোধও করেছে এই ব্যবসায়ী সংগঠনগুলো।ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই থেকে গতকাল সোমবার সন্ধ্যায় পাঠানো এক যৌথ বিবৃতিতে এসব দাবি ও অনুরোধ জানানো হয়।বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোট আগামী ২ মে সকাল-সন্ধ্যা হরতাল ডাকে। প্রথমে বাম দলগুলো হরতাল ডাকলেও পরে তা প্রত্যাহার করা হয়। বিবৃতিতে বলা হয়, এই হরতাল দেশের বিপর্যস্ত অর্থনীতিকে আরও বিপর্যস্ত করে তুলবে। হরতাল ও অবরোধের মতো ঘন ঘন আত্মঘাতীমূলক কার্যক্রম দেশের অর্থনীতিকে এক চূড়ান্ত বিপর্যয়ের দিকে নিয়ে যাবে।ব্যবসায়ী সংগঠনগুলো মনে করে, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া শ্রমিকদের উদ্ধার এবং তাঁদের চিকিৎসাসেবা দেওয়াই এ মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তাই মানবিক দৃষ্টিকোণ বিচারেও এখন হরতাল দেওয়া সমীচীন নয়।বিবৃতিতে বলা হয়, ইতিমধ্যে রানা প্লাজার মালিকসহ ওই ভবনে অবস্থিত তৈরি পোশাক কারখানার মালিকদের গ্রেপ্তার করা হয়েছে। সরকার বিভিন্ন পর্যায়ে তদন্ত করছে। শিল্পপ্রতিষ্ঠানগুলো চালু এবং নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রেখে উৎপাদন অব্যাহত রাখার চেষ্টা করা হচ্ছে। দেশের সর্বস্তরের মানুষ বিশেষ করে উদ্ধারকারী স্বেচ্ছাসেবকেরা যে দৃষ্টান্ত স্থাপন করে দুর্ঘটনায় আহতদের চিকিৎসা, পুনর্বাসন এবং সাহায্য-সহযোগিতা দিতে ব্যস্ত তখন হরতালের মতো একটি সহিংস কর্মসূচি চাপিয়ে দেওয়া অমানবিক ও দুঃখজনক।এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরাম উদ্দিন আহ্মদ ছাড়াও বিবৃতিতে সই করেন সংগঠনের সাবেক সভাপতি ও বাংলাদেশ চেম্বারের সভাপতি এ কে আজাদ, মেট্রোপলিটন চেম্বারের সভাপতি রোকেয়া আফজাল রহমান, ঢাকা চেম্বারের ভারপ্রাপ্ত সভাপতি আফসার করিম চৌধুরী, চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম, বিজিএমইএ সভাপতি আতিকুল ইসলাম, বিকেএমইএর সভাপতি এ কে এম সেলিম ওসমান, বিটিএমএর সভাপতি জাহাঙ্গীর আলামীন, রিহ্যাবের সভাপতি নসরুল হামিদ, বাংলাদেশ ওষুধ শিল্প সমিতির সভাপতি সালমান এফ রহমান, মাদারীপুর চেম্বারের সভাপতি জালাল উদ্দিন আহমেদ, খুলনা চেম্বারের সভাপতি কাজী আমিনুল ইসলাম, চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বারের সভাপতি খলিলুর রহমান, বরিশাল চেম্বারের সভাপতি সাইদুর রহমান, চট্টগ্রাম উইমেন চেম্বারের সভাপতি মনোয়ারা হাকিম আলী, কুমিল্লা চেম্বারের সভাপতি মাসুদ পারভেজ খান, ফরিদপুর চেম্বারের সভাপতি মাহবুবুর রহমান খান, বগুড়া চেম্বারের সভাপতি মমতাজ উদ্দিন, সুনামগঞ্জ মেট্রোপলিটন চেম্বারের সভাপতি খায়রুল হুদা, সিএনজি স্টেশন মালিকদের সমিতির সভাপতি জাকির হোসেন, বরিশাল মেট্রোপলিটন চেম্বারের সভাপতি নিজাম উদ্দিন, মানিকগঞ্জ চেম্বারের সভাপতি সুদীপ কুমার সাহা, গাজীপুর চেম্বারের সভাপতি আনোয়ার সাদাত সরকার, ময়মনসিংহ চেম্বারের সভাপতি ইকরামুল হক, জামালপুর চেম্বারের সভাপতি রেজানুল করিম, বান্দরবন চেম্বারের সভাপতি মাহবুবুর রহমান, পঞ্চগড় চেম্বারের সভাপতি ইকবাল কায়সার, ঢাকা উইমেন চেম্বারের সভাপতি নাজ ফারহানা আহমেদ, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার, প্ল্লাস্টিক গুডস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি জসিম উদ্দিন, মেইজ অ্যাসোসিয়েশনের সভাপতি হেলাল উদ্দিন, ফ্রোজেন ফুডস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আমিন উল্লাহ, ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতি সভাপতি আবদুর রাজ্জাক, বায়রার সভাপতি শাহজালাল মজুমদার, দোকান মালিক সমিতি সভাপতি আমির হোসেন খান, ইলেকট্রিক্যাল অ্যাসোসিয়েশনের সভাপতি মীর নিজাম উদ্দিন আহমেদ, কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সাদেকুর রহমান, ফার্নিচার এক্সপোর্টার্স সমিতি সভাপতি কে এম আখতারুজ্জামান, ওমেন চেম্বারের সভাপতি সঙ্গীতা আহমেদ, বাংলাদেশ ইন্টারন্যাশনাল হোটেল অ্যাসোসিয়েশনের সভাপতি এইচ এম হাকিম আলী, হবিগঞ্জ মেট্রোপলিটন চেম্বারের সভাপতি মতাছেরুল ইসলাম।