ব্যবসা-বাণিজ্যকে এগিয়ে নিতে দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা চান না ব্যবসায়ীরা। তাই এসব বন্ধের দাবি করেছেন তাঁরা। এমন অস্থিরতা যেন আর না হয়, সে বিষয়ে স্থায়ী সমাধানও চেয়েছেন তাঁরা।
একই সঙ্গে প্রয়োজনে হরতাল বন্ধে আইন করারও দাবি তুলেছেন ব্যবসায়ীরা।
আগামী রোববার জাতীয় পতাকা হাতে ব্যবসায়ীদের অবস্থান কর্মসূচি সামনে রেখে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই) আয়োজিত মতবিনিময় সভার বিভিন্ন পর্যায়ে ব্যবসায়ীরা এসব দাবি জানান।
রাজধানীর মতিঝিলে ফেডারেশন ভবনে গতকাল বৃহস্পতিবার এ সভা অনুষ্ঠিত হয়। এতে দেশের বিভিন্ন চেম্বার ও অ্যাসোসিয়েশনের নেতারা বক্তব্য দেন। এফবিসিসিআইয়ের দেওয়া কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন তাঁরা।
সভায় এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরাম উদ্দিন আহ্মদ বলেন, যে দলই বিরোধী দলে থাকুক না কেন, কেউ যেন হরতাল-অবরোধ কর্মসূচি না দিতে না পারে, সে জন্য আইন করে এটি বন্ধ করতে হবে। চলমান সহিংসতায় ব্যবসার যে ক্ষতি হয়েছে, তার চেয়ে বড় ক্ষতি হচ্ছে মানুষের। সাধারণ মানুষকে এখন জীবন দিতে হচ্ছে।
কাজী আকরাম বলেন, ব্যবসায়ীরা দেশ বাঁচাতে চান, ব্যবসা বাঁচাতে চান। আগামী রোববারের কর্মসূচির জন্য সব ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রেখে সারা দেশের ব্যবসায়ীদের ১৫ মিনিটের জন্য পতাকা হাতে রাস্তায় নামার আহ্বান জানান তিনি।
সংগঠনের সহসভাপতি হেলাল উদ্দিন বলেন, ব্যবসায়ীরা প্রতিদিনই ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এ অবস্থায় ব্যবসায়ীরা চান আইন করে যেন হরতাল-অবরোধ বন্ধ করা হয়।
বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি এস এ কাদের জাতীয় সংসদের চলমান অধিবেশনেই আইন করে হরতাল-অবরোধ বন্ধের আহ্বান জানান।
রিকন্ডিশনড গাড়ি আমদানিকারকদের সংগঠন বারভিডার সভাপতি হাবিবুল্লাহ বলেন, গত এক মাসে প্রায় ৭০ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে। এ ক্ষতি পোষানো যাবে না। তবু ব্যবসায়ীদের ঘুরে দাঁড়ানোর আশা আছে। কিন্তু যারা আগুনে পুড়ে মারা গেছে, তাদের তো আর কিছুই থাকল না।
ফ্রেশ ফুড অ্যাসোসিয়েশনের সভাপতি সাধন চন্দ্র দাস বলেন, পচনশীল দ্রব্য হরতাল-অবরোধে নষ্ট হচ্ছে। বাড়তি গাড়িভাড়া দিয়ে পণ্য নিয়ে এলেও বিক্রি করা যাচ্ছে না।