হরতাল বর্জনের আহ্বান এফবিসিসিআই সভাপতির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতি এ কে আজাদ অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে হরতাল বর্জনের আহবান জানিয়েছেন।গতকাল ঢাকায় ‘পঞ্চম আন্তর্জাতিক বৈদ্যুতিক পণ্য, মেশিনারি এবং কাঁচামাল প্রদর্শনীর’ উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ আহবান জানান।বিরোধী দলের ডাকা হরতালের কঠোর সমালোচনা করে এ কে আজাদ দেশের অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে বিরোধী দলগুলোকে হরতালের বিকল্প কর্মসূচি দেওয়ার আহ্বান জানান।এফবিসিসিআই সভাপতি এ কে আজাদ বলেন, ‘কিসের জন্য হরতাল করা হচ্ছে?’ তিনি বলেন, হরতাল দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য মারাত্মক ক্ষতিকর।বাংলাদেশ ইলেকট্রিক্যাল মার্চেন্ডাইস ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন (বিমা) এবং এএসকে ট্রেড অ্যান্ড এক্সিবিশনস প্রাইভেট লিমিটেডের সহায়তায় এসএমই ফাউন্ডেশন চার দিনব্যাপী এ আন্তর্জাতিক প্রদর্শনীর আয়োজন করেছে।রাজধানীর শেরেবাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিমার সভাপতি এনায়েত হোসেন চৌধুরী সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি ছিলেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া। প্রধান অতিথির বক্তব্যে দিলীপ বড়ুয়া বিএনপি-জামায়াত আহূত হরতালের সমালোচনা করে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অর্থনীতিতে যখন গতিশীলতা এসেছে, তখনই দেশের অর্থনৈতিক অগ্রযাত্রাকে ব্যাহত করে রাজনৈতিক ফায়দা লুটার উদ্দেশ্যে এ হরতাল আহ্বান করা হয়েছে। শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া আরও বলেন, শ্রমঘন দেশীয় ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিকস শিল্পের প্রসারে এ খাতের উদ্যোক্তাদের ৫০ লাখ টাকা পর্যন্ত জামানতবিহীন ঋণ দেওয়ার বিষয়ে উদ্যোগ নেওয়া হবে।অনুষ্ঠানে অপর বিশেষ অতিথি ছিলেন এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন আফতাব-উল ইসলাম বিশেষ অতিথি ছিলেন। এ ছাড়া অনুষ্ঠানে এএসকে ট্রেড অ্যান্ড এক্সিবিশনসের উপদেষ্টা মো. জাকারিয়া ভূঁইয়া, এসএমই ফাউন্ডেশনের উপমহাব্যবস্থাপক মুজিবুর রহমান ও মেলা আয়োজক কমিটির চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়া বক্তব্য দেন।