হরতাল-সংঘাতে খুলনাঞ্চলের শিল্প-বাণিজ্যে অচলাবস্থা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলমান রাজনৈতিক অস্থিরতায় খুলনাসহ দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ব্যবসা-বাণিজ্য কার্যত প্রায় অচল হয়ে পড়েছে। এই সংকট সমাধানের দাবি জানিয়েছেন এই অঞ্চলের ব্যবসায়ী-শিল্পপতিরা। টানা হরতালে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকায় এই অঞ্চলের পাট, পাটজাত পণ্য ও হিমায়িত খাদ্যসহ অন্যান্য শিল্প ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। মালামাল পরিবহন না হওয়ায় নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দামও বেশ বেড়েছে। এতে ব্যবসায়ীসহ সাধারণ মানুষ আর্থিক ক্ষতির পাশাপাশি পড়েছেন চরম দুর্ভোগে।খুলনার রপ্তানিকারকেরা জানান, এমনিতেই ২০১১-১২ অর্থবছরের শেষার্ধ ও চলতি ২০১২-১৩ অর্থবছরের শুরু থেকে এখানকার পাট, পাটজাত পণ্য ও চিংড়ি রপ্তানি আশঙ্কাজনক হারে কমছে। যেমন: বেনাপোল স্থলবন্দর দিয়ে ২০১০-১১ অর্থবছরে যেখানে ৭৬৮ কোটি ৮৭ লাখ টাকার পাটপণ্য রপ্তানি হয়, সেখানে ২০১১-১২ বছরে তা কমে প্রায় ৫২৩ কোটি ৭৭ লাখ টাকায় নেমে আসে। অর্থাৎ স্থলবন্দরটি দিয়ে এক বছরে পাটের রপ্তানি কমেছে ২৪৫ কোটি ১১ লাখ টাকা।জেলা মৎস্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি ২০১২-১৩ অর্থবছরের প্রথম তিন মাসে খুলনা থেকে চিংড়ি ও সাদা মাছ রপ্তানি হয় ৫৫৮ কোটি ৫২ লাখ টাকার, যা আগের অর্থবছরের একই সময়ের ৮৩৬ কোটি ৯২ লাখ টাকার চেয়ে ২৭৮ কোটি ৪০ লাখ টাকা কম। এই অবস্থায় রাজনৈতিক অস্থিরতা দেখা দেওয়ায় শিল্প-ব্যবসায়ে অচলাবস্থা আরও বাড়বে বলে মনে করেন ব্যবসায়ীরা। রপ্তানিকারক প্রতিষ্ঠান সারতাজ ট্রেড ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী বদরুল আলম প্রথম আলোকে বলেন, গত জানুয়ারি ও ফেব্রুয়ারিতে পাট রপ্তানিতে কিছুটা উন্নতির লক্ষণ দেখা দেয়। কিন্তু হরতাল, সহিংসতা ও নৈরাজ্যের কারণে রপ্তানিমুখী প্রায় ৩০ হাজার বেল পাট নিয়ে ৩০০ ট্রাক দিনের পর দিন বেনাপোল স্থলবন্দরে আটকে থাকে। এতে ব্যবসায়ীদের বিপুল ক্ষতি হয়। খুলনা জেলা আমদানিকারক সমিতির সাধারণ সম্পাদক গাজী নাসিবুল হাসান জানান, হরতালে পরিবহনব্যবস্থা অচল থাকায় খুলনা অঞ্চলের অধিকাংশ মিল-কারখানা কাঁচামালের সংকটে পড়ে বন্ধ রয়েছে। এ ছাড়া বন্দরে আটকে পড়া কোটি কোটি টাকার পচনশীল দ্রব্য নষ্ট হচ্ছে। এতে আমদানিকারকেরা লোকসানের মুখে পড়ছেন। খুলনা শিল্প ও বণিক সমিতির সভাপতি কাজী আমিনুল হক প্রথম আলোকে বলেন, হরতাল-সংঘাতসহ অস্থিরতার কারণে খুলনাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শিল্পপতি-ব্যবসায়ীরা বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন। এর ওপর ব্যাংক থেকে নেওয়া ঋণের সুদ বাড়ছে। বিদ্যমান পরিস্থিতিতে সাধারণ ব্যবসায়ীরাও জিম্মি হয়ে পড়েছেন। এ অবস্থা কোনোভাবে চলতে দেওয়া যায় না।