হরতালে অনেক কারখানা বন্ধ হওয়ার পথে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘন ঘন হরতালে উদ্বেগ প্রকাশ করেছেন নরসিংদী চেম্বারের নেতারা। তাঁরা বলেছেন, চলমান রাজনৈতিক সহিংসতায় সারা দেশের মতোই লোকসানে পড়েছে নরসিংদীর পাওয়ার লুম, বস্ত্র ও রঙের কারখানাগুলো। চেম্বারের নেতারা বলেন, ব্যাংকঋণ নিয়ে পরিচালিত বহু কারখানা ইতিমধ্যে ঋণের ভারে জর্জরিত হয়েছে। লোকসান গুনতে গুনতে অনেকগুলো এখন দেউলিয়া হওয়ার পথে। আরও কিছুদিন এই অবস্থা চললে জেলার অনেক কল-কারখানা বন্ধ হয়ে যাবে। নরসিংদীতে চেম্বার ভবন মিলনায়তনে গতকাল বুধবার এক সংবাদ সম্মেলনে তাঁরা এসব কথা বলেন। এতে সংগঠনের সভাপতি মোশাররফ হোসেন, জ্যেষ্ঠ সহসভাপতি আবদুল্লাহ আল মামুন, সহসভাপতি তাজুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। লিখিত বক্তব্যে আরও বলা হয়, হরতালের কারণে সাম্প্রতিক কালে নরসিংদীর পাইকারি কাপড়ের বাজার শেখেরচর ও মাধবদীর বাবুরহাটে কেনাবেচা অর্ধেকের নিচে নেমে এসেছে। আগে এই দুই বাজারে শুক্র ও শনিবার হাটের দিনে প্রায় দুই হাজার কোটি টাকার ব্যবসা হতো। এখন ৭০০ থেকে ৮০০ কোটি টাকার বেশি হয় না।দেশের সাধারণ মানুষের অধিকারে আঘাত হানে এমন কর্মসূচি না দিতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান চেম্বারের নেতারা।